চান্দিনায় দুই পক্ষের সংঘর্ষ

আপডেট : ১৪ জুন ২০১৪, ২১:৫৪
চান্দিনায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির মসজিদে নামাজ পড়া এবং শবে বরাতের নামাজে চাঁদা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। শুক্রবার দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন- মানিক মিয়া (৩৫), শাহনাজ বেগম (৪৫), আব্দুল রাজ্জাক (৪৫), আবুল কালাম (২৩), ফারুক আহমেদ (৩২), মহসিন (২৫), সাজিয়া (২৫) ও আব্দুল মান্নান (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস পূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কামারখোলা গ্রামের সামছুল হক এর ছেলে আব্দুল রাজ্জাক ও তার পরিবারকে সমাজচ্যুত করে এলাকাবাসী। ঐদিন আব্দুল রাজ্জাক মসজিদে নামাজ আদায় শেষে মসজিদে শবে বরাতের নামাজের চাঁদা দিতে চাইলে তিনি সমাজচ্যুত বলে কয়েকজন বাধা দেয়। পরে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্সেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ঐ এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এ পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা করেনি।