নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির বৃহত্ একটি অংশ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেন।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোবারক ইসলাম তালুকদার লিখিত বক্তব্যে বলেন, জেলা বিএনপি উপজেলা বিএনপির ত্যাগি ও সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করে। কমিটির আহবায়ক বাবুল আলম তালুকদার উপজেলা বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি দুর্গাপুর উপজেলার বাসিন্দা।
তাদের দাবি, জেলা কমিটিকে মোটা অংকের টাকা উেকাচ দিয়ে বাবুল আলম আহবায়ক হয়েছেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সায়েদুর রহমান তালুকদার, সাবেক সহ-সভাপতি হাজী আব্দুল গণি, সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন ফকির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ারুল ইসলাম আনার, ছাত্রদলের সভাপতি শামিমুল ইসলাম প্রমুখ।
