প্রায় পড়তি ফর্মের মধ্যেই থাকা দিদিয়ের দ্রগবার প্রশংসায় পঞ্চমুখ হলেন আইভরি কোস্টের কোচ সাবরি লামুছি। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম খেলাটিতে তার ঠাঁই হয়েছিল প্রথমে বেঞ্চে। সেটিও তিনি কোচের কাছ থেকে জানতে পারেন মাঠে এসে। এরপর দলের প্রয়োজনে কোচ যখন ৬২ মিনিটের সময় তাকে মাঠে নামান, তাতে একটুও বিচলিত না হয়ে নিজের অভিজ্ঞতার ঝাঁপি খুলে দেন একসময়ে চেলসি কাঁপানো স্ট্রাইকারটি।
ফরাসি কোচ লামুছি ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়টি সম্পর্কে বলেন,‘যখন দিদিয়ের দ্রগবা মাঠে এলেন সেসময় সবকিছুই বদলে গেল। যখন আপনার কাছে এরকম খেলোয়াড় থাকবে তখন আপনি খুবই ভাগ্যবান। অবশ্যই সে নিজেকে বেঞ্চে দেখে হতাশ হয়েছিল। কিন্তু আপনি যখন খেলা শেষে তার আনন্দ দেখে বুঝবেন সে হলো চ্যাম্পিয়ন।’
কোন সন্দেহ নেই যে দ্রগবার ক্যারিয়ার এখন পড়তির দিকে। কিন্তু তার মাঠের পদচারণায় মনে হবে এখনো যেন দেশের জন্য তার অনেক কিছু করার বাকি রয়েছে। গেল দুটি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়াও পাঁচবার অধিনায়কত্ব করেছেন আফ্রিকান নেশন্স কাপে। তারপরও ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে উতরাতে না পারার যাতনা কাজ করে তার মধ্যে। কোচ অবশ্য তাকে এদিন শুরু থেকে মাঠে না নামানোর কারণ হিসেবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠার কথা জানান। গত বৃহস্পতিবার অনুশীলনের সময়ও তিনি ঊরুর ইনজুরিতে পড়েছিলেন। এ কারণেই তার পরিবর্তে উইলফ্রিড বনিকে একাদশে জায়গা দিয়েছিলেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বশেষ নয় খেলায় সাত গোল করা দ্রগবাহীন লামুছির দল শুরুতে আক্রমণভাগে ছিল উদ্দেশ্যবিহীন। এই সুবাদেই ১৬ মিনিটে গোল করে এগিয়ে যায় জাপান। এরপর ৬২ মিনিটে কোচ তাকে মাঠে নামালেও দ্রগবা নিজে যেমন গোল করেননি তেমনি গোল করানওনি। তারপরও তার উপস্থিতিই স্রেফ বদলে দেয় দলকে।
এ খেলার মধ্যদিয়ে ৪২ বছর বয়সী লামুছির কোচ হিসেবে বিশ্বকাপ অভিষেক হলো। মরক্কো বংশোদ্ভূত এই কোচকে ২০০২ সালে যখন দায়িত্ব দেয়া হয় সেসময় অনেকেই বিস্মিত হয়েছিলেন। আইভরি কোস্টের সমর্থকরা তার নিয়োগ পছন্দ করেনি। তারা চাইছিলেন আরো অভিজ্ঞ কাউকে। কেননা একেতো আগের দুটি বিশ্বকাপে তাদের দল ভাল করতে পারেনি। তার ওপর দলটির অধিকাংশ খেলোয়াড় ইউরোপের সেরা লিগগুলো দাবড়ে বেড়ান। তবে লামুছি এখন পর্যন্ত দলকে ভালই টানছেন।
