নিরাপত্তাহীনতায় ভুগছেন সংগীতশিল্পী আরফিন রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যা এবং একমাত্র পুত্রসন্তান আরিয়ান। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের এবং সন্তানের জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়ে নিরাপত্তা চাইলেন তিনি। সংবাদ সম্মেলনে অনন্যা বলেন, আমার স্বামী আরফিন রুমি তার বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এ অবস্থায় আমি আমার সন্তান আরিয়ান এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’ অনন্যা প্রশ্ন রেখে বলেন, ‘আদালতে এলেই আরফিন রুমি আমার সঙ্গে সমঝোতা করতে চায়। আবার বের হয়ে গেলেই ডিভোর্সের কথা বলে। দেখা হলে নিজের সন্তানের সঙ্গেও সে কথা বলে না। এ অবস্থায় আমার সন্তান কি পিতৃপরিচয়বিহীন বড় হবে?’ এদিকে অনন্যা সাংবাদিকদের সামনে কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে ছিল একমাত্র সন্তান আরিয়ানের নামে ২০ লাখ টাকার ব্যাংক ডিপোজিট, সন্তান ও তার ভরণপোষণ বাবদ প্রতি মাসে ২০ হাজার টাকা, লেখাপড়া এবং গান শেখার ক্ষেত্রে কোনো বাধা না দেওয়া, ভবিষ্যতে সন্তানের ওপর কোনো দাবি করতে পারবে না এবং তার ওপর সব ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধ করা।
