জঙ্গি সন্দেহে ৪ শিশুসহ ৭ জনকে শনিবার রাতে আটক করেছে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ।
পুলিশ জানায়, প্রায় ৬ মাস ধরে কালাইয়া সুন্দরী সিনেমা হলের সামনে একটি বাসা ভাড়া নিয়ে কয়েকজন নারী ও পুরুষ কলেমার দাওয়াত দিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে বাউফল থানার পুলিশ শনিবার রাতে ওই বাসায় অভিযান চালিয়ে ৪ শিশুসহ উম্মে কুলসুম (২৫), সালমা বেগম (২০) ও হুমায়ন কবিরকে (৩০) আটক করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদেরকে ‘কলেমা জামায়াত’ নামের একটি সংগঠনের সদস্য বলে দাবি করে। এদের মধ্যে উম্মে কুলসুম কুতুবদিয়া উপজেলার রূপাইয়াপাড়া গ্রামের এবং সালমা ও হুমায়ন কবিরের বাড়ি মেহেন্দীগঞ্জের দাউদপুর গ্রামে বলে পরিচয় দেয়। রবিবার ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আটককৃতদের পটুয়াখালী কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
