বাগমারার মোহনগঞ্জ হাইস্কুলের ৪ শিক্ষকের নিবন্ধন সনদ ভুয়া

আপডেট : ১৫ জুন ২০১৪, ২১:৩১
রাজশাহীর বাগমারার মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ ম্যানেজিং কমিটির মাধ্যমে ভুয়া নিবন্ধনধারী চারজন শিক্ষক নিয়োগের অভিযোগ অবশেষে তদন্তে সত্যতা মিলেছে। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও সর্বশেষ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লি¬ষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে তদন্তে ওই স্কুলে অবৈধ ম্যানেজিং কমিটি দ্বারা নিয়োগপ্রাপ্ত চারজন শিক্ষকের নিবন্ধনসনদ ভুয়া বলে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ওইসব শিক্ষকের নিয়োগ বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে। স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ মিয়া ও বিশেষ ম্যানেজিং কমিটির সভাপতি ইনসান আলী মিয়া তাদের নিয়োগ দেন। তারা ভুয়া নিবন্ধন সনদে নিয়োগ প্রাপ্ত হয়ে সরকারি বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। নিয়োগ প্রাপ্তরা হচ্ছেন- মো:নাসির উদ্দিন, সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান, তার ইনডেক্স নং ১০৬৬৯৪০, মোছা:সুলতানা পারভীন, সহকারী শিক্ষক কৃষি, ইনডেক্স নং ১০৬৬৯৪১, শ্রীমতি শিউলী রানী, সহকারী শিক্ষক হিন্দু ধর্ম, ইনডেক্স নং ১০৭২০৩৩ এবং মোছা:রশিদা খাতুন, সহকারী গ্রন্থাগারিক। অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা হিসাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল, রাজশাহীর ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী গত মঙ্গলবার সরজমিনে বিদ্যালয়ে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সত্যতা পান।