সুজানগরের মন্দিরে হামলা, ৫টি প্রতিমা ভাংচুর

আপডেট : ১৫ জুন ২০১৪, ২১:৩১
পাবনা সুজানগরের গোবিন্দপুর পালপাড়া গ্রামের একটি মন্দিরে হামলা হয়েছে। হামলাকারীরা মন্দিরে থাকা কালীমূর্তিসহ ৫টি মূর্তি ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি মামলা হয়েছে। সুজানগর থানা পুলিশ জানায়, কতিপয় অজ্ঞাত দুষ্কৃতকারী রাতের অন্ধকারে ওই গ্রামের সুদেব পালের বাড়ির অদূরে অবস্থিত উক্ত মন্দিরে হামলা চালায়। এ সময় সেখানে কোনো লোকজন না থাকার সুযোগে তারা মন্দিরে থাকা ১টি কালীমূর্তি এবং ৪টি বিভিন্ন দেবদেবীর মূর্তি ভাংচুর করে। তবে এলাকাবাসী বলছে, অজ্ঞাত দুষ্কৃতকারী নয়, কতিপয় চিহ্নিত মাদকসেবী ওই মূর্তি ভাংচুর করেছে। তারা বলছে, মাদকসেবীরা বেশ কিছুদিন ধরে ওই মন্দিরের পাশে আস্তানা বানিয়ে মাদকসেবন করে আসছিল। সমপ্রতি স্থানীয় হিন্দু সমপ্রদায় পুলিশের সহযোগিতায় তাদের আস্তানা ভেঙ্গে দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওই মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ভাংচুর করে।