কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে গতকাল রবিবার দুপুরে ডাকাত-পুলিশেরগুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে কুখ্যাত ডাকাত সর্দার জামালকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামাল্লা গ্রামের আলোচিত সন্ত্রাসী খুন, গুম, অপহরণ, ডাকাতিসহ ১ ডজন মামলার আসামি জামাল কোম্পানীগঞ্জ বাজারে অবস্থান করছে- এমন খবর পেয়ে মুরাদনগর থানার এসআই মাহবুবের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ জানায়, অভিযান ও পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে জামাল ডাকাত ও তার সঙ্গীরা পুলিশের উপর হামলার চেষ্টা করে। এসময় পুলিশ ডাকাত দলকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি বর্ষণ করে। ডাকাত সর্দার জামাল মেম্বার গ্রেফতার হলেও তার সঙ্গীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের এসআই মাহবুবসহ ৩ পুলিশ আহত হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, কামাল্লা গ্রামের শিশু উম্মে হাবিবা হত্যা মামলা ও দুইটি ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত সর্দার জামাল।
