ময়মনসিংহ মেডিক্যালে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ১৫ জুন ২০১৪, ২১:৪৬
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রেজা হাসান তকির উপর সন্ত্রাসীদের হামলার বিচারের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরা। রবিবার ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে মৌন মিছিল বের করে শহরের বাঘমারা মেডিক্যাল ছাত্রাবাসে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। কলেজের শিক্ষকরাও কালোব্যাজ ধারণ করে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশে ও মৌন মিছিলে যোগ দেয়। এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরা। কোতয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম আসামিদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান। শনিবার শহরের ভাটিকাশর বাসা থেকে মেডিক্যাল কলেজের লাইব্রেরীতে যাওয়ার জন্য রেজা হাসান তকি বের হলে লিমন ও তার ৫/৬ সহযোগী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর আহত তকিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে চিকিত্সার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।