এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) মাদ্রাসা ছাত্রদের সমাজের মূল স্রোতধারায় সংযুক্ত করে আমূল সংস্কারের মাধ্যমে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছে। সফররত এডিবি’র প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার অফিসে সৌজন্য সাক্ষাত্ করে এ কথা বলেন। তিনি মাদ্রাসা শিক্ষা আধুনিকায়নে সকল প্রকার সমর্থন ও সহযোগিতার ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন।
সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, তাকিহিকো শিক্ষাকে দারিদ্র্য বিমোচনের প্রধান হাতিয়ার হিসেবে উল্লে¬খ করেছেন। তাই দারিদ্র্য বিমোচনে সাধারণ শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষাকেও আধুনিকায়ন করা উচিত।
শামীম চৌধুরী বলেন, এডিবি’র প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে তাকিহিকো গত কয়েক বছর ধরে জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশে উপরে ধরে রাখা এবং মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে এনেছে। করদাতারা এখন বাংলাদেশের অর্থনৈতিক শক্তির মূল উত্স। তিনি বলেন, মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তাদের কর নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এর ফলে কর ও ভ্যাটের আওতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে।
এসএসএফ’র পেশাদারিত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের কর্মদক্ষতা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও আনুগত্যের প্রশংসা করে বলেছেন, এই বাহিনীর পেশাদারিত্ব ইতিমধ্যে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ভিভিআইপিদের নিরাপত্তায় এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব আন্তরিকতার সঙ্গে খুবই দক্ষভাবে পালন করছেন। প্রধানমন্ত্রী রবিবার তাঁর তেজগাঁও কার্যালয়ে এসএসএফ’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বাহিনীর সদস্যদের উদ্দেশে ভাষণকালে বলেন, কোন দূরত্ব সৃষ্টি নয়, জনগণের সঙ্গে সম্পর্ক রেখে ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন যে, এসএসএফ সদস্যরা ভবিষ্যতে সততা ও আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালনকালে সর্বোচ্চ আনুগত্য ও পেশাদারিত্ব প্রদর্শন করবেন।
এসএসএফ’র মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মাদ আমান হাসান অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক, আনসার মহাপরিচালক ও ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
