রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন ৩২১টি

আপডেট : ১৫ জুন ২০১৪, ২২:০৪
রাজধানীতে ৩২১টি ভবনকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে রাজউক চিহ্নিত করেছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রবিবার সংসদে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য দিয়ে তিনি জানান, ভবনগুলোর ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য ঢাকা সিটি করপোরেশনের কাছে তালিকা পাঠানো হয়েছে। আরেক প্রশ্নের জবাবে পূর্তমন্ত্রী সংসদকে জানান, রাজধানীসহ সারাদেশে ১০ হাজারেরও বেশি পরিত্যক্ত বাড়ি রয়েছে। এর মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জে রয়েছে ৬ হাজার ৪৬৭টি। এগুলোর মধ্যে ৬৬টি বাড়ি অবৈধ দখলে রয়েছে। বসতবাড়ি তৈরির নীতিমালা চূড়ান্ত এক প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, সারাদেশে বসতবাড়ি তৈরির জন্য জমি ব্যবহারের নীতিমালা রয়েছে। জাতীয় গৃহায়ণ নীতি-১৯৯৩ (সংশোধিত ১৯৯৯) নামে সারাদেশে বসতবাড়ি তৈরির জন্য জমি ব্যবহারের জন্য একটি নীতিমালা রয়েছে। বর্তমানে উক্ত নীতিমালাটি যুগোপযোগী করার জন্য আরো সংশোধনী চলছে এবং এটা জাতীয় গৃহায়ণ নীতিমালা-২০১৪ (সংশোধনী) হিসেবে সরকারের অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উচ্চ শিক্ষা কমিশন গঠনের পরিকল্পনা সক্রিয় বিবেচনায় এদিকে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সংসদকে জানান, উচ্চ শিক্ষার মান উন্নয়ন, নিয়ন্ত্রণ ও সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে উচ্চ শিক্ষা কমিশন গঠনের পরিকল্পনা বর্তমান সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এই কমিশন গঠনের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অচিরেই এই প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে। এবতেদায়ী স্তরের জন্য অভিন্ন পাঠ্যপুস্তক আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, এনসিটিবি কর্তৃক বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যপুস্তকগুলো মাদরাসা শিক্ষার উপযোগী করে মুদ্রণের কার্যক্রম চলমান। ২০১৫ শিক্ষাবর্ষে এবতেদায়ী স্তরের জন্য অভিন্ন পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ করা হবে। প্রাথমিকের প্রধান শিক্ষকের শূন্যপদ ৬ সহস্রাধিক অন্যদিকে এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সংসদকে জানান, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ৩৮হাজার ৩৬৩টি, সহকারি শিক্ষকের পদ ৩ লাখ ১৭ হাজার ১৬৩টি। প্রধান শিক্ষক পদে সরাসারি নিয়োগযোগ্য শূন্যপদ ১ হাজার ৪১৮টিসহ মোট শূন্যপদ ৬ হাজার ১১২টি। সহকারি শিক্ষকের শূন্যপদ সংখ্যা ৩২ হাজার ৬৭২টি (এই হিসাব চলতি বছরের জুন পর্যন্ত)। অপর এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, পাঁচ জানুয়ারির নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত ৪২৩টি প্রাথমিক বিদ্যালয় মেরামত ও সংস্কারের জন্য ২ কোটি ৯০ লাখ ২৩ হাজার ৫শ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতোমধ্যে উক্ত বিদ্যালয়গুলোর মেরামত ও সংস্কারের কাজ সম্পন্ন করা হয়েছে।