দ্রুত বিচার আইনে রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত একটি মামলায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ১৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে। রবিবার মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল।
এদিন বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং জয়নুল আবদিন ফারুক শারীরিক অসুস্থতার কারণে আদালতে না আসতে পারায় তাদের জন্য সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভুঁইয়া আসামিদের সময় মঞ্জুর করে অভিযোগ গঠনের জন্য আগামী ৫ আগস্ট দিন ধার্য করেন। গত বছরের ২৪ মার্চ মামলায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ১৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিরা সবাই জামিনে আছেন।
