বিশ্বকাপ বিরোধী ১৮ ব্রাজিলীয় গ্রেফতার

আপডেট : ১৫ জুন ২০১৪, ২২:২৯
ব্রাজিল পুলিশ শনিবার ১৮ জন বিশ্বকাপ বিরোধী আন্দোলনকারীকে গ্রেফতার করেছে। একইসঙ্গে রিও ডি জেনেরিওতে একদল উচ্ছৃঙ্খল আর্জেন্টাইন সমর্থকের এক পার্টিও ভেস্তে দিয়েছে তারা। দেশটির দক্ষিণ-পূর্ব শহর বেলো হরিজন্তোতে বিশ্বকাপ বিরোধীদের মিছিল থেকে ১৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেট্রোল বোমা, ছুরি, মাস্ক এবং ভিনেগারের বোতল বহন করছিল বলে রেডিও নেটওয়ার্ক সিবিএন জানিয়েছে। দু’শো জনের মতো বিশ্বকাপ বিরোধীদের মিছিলটি বেলো হরিজন্তের মিনিইরো স্টেডিয়ামের দিকে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিল। এ সময় কলোম্বিয়া-গ্রীসের ম্যাচ চলছিল। টিয়ার গ্যাস ছুঁড়ে এই মিছিল পণ্ড করে দেয় পুলিশ। উত্তর-পূর্ব শহর ফর্তেলেজার কেস্টেলাও স্টেডিয়ামের পাশ থেকে একশোজনের আরেকটি মিছিল থেকেও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জি ওয়ানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ সময় স্টেডিয়ামটিতে উরুগুয়ে-কোস্টারিকার খেলা চলছিল। এদিকে রিও ডি জেনেরিওর বিখ্যাত কোপাক্যাবানা সমুদ্র সৈকত থেকে প্রায় ১৫’শ জনের একদল আর্জেন্টাইন উগ্র সমর্থকের একটি পার্টি ভেঙ্গে দেয় পুলিশ। শহরের মারাকানা স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনা বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হওয়ার আগে এই সৈকতে জড়ো হয়েছিল আর্জেন্টাইন সমর্থকরা। তাদের কারণে অ্যাটলান্টিক অ্যাভেনিউতে যানজটের সৃষ্টি হয়। উগ্র সমর্থকদের এই পার্টি বানচাল করতে পুলিশ পিপার গ্যাস ছুঁড়েছে বলে খবরে বলা হয়েছে।