কেনিয়ায় জঙ্গি হামলায় ২৬ জন নিহত

আপডেট : ১৬ জুন ২০১৪, ২০:১১
কেনিয়ার উপকূলীয় লামু জেলার এমপেকেতোনি শহরে সোমবার সকালে জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। এ সময় তারা তিনটি হোটেল ও একটি পুলিশ স্টেশনে অগ্নিসংযোগ করে। এলাকাটি পূর্ব আফ্রিকার বিখ্যাত পর্যটন কেন্দ্র বলে পরিচিত। বন্দুকধারীরা কালো রঙের পতাকা উড়িয়ে নজিরবিহীনভাবে এ হামলা চালায়। সোমবার ওই এলাকার ডেপুটি কমিশনার বেনসন মাইসোরি বলেন, এখন পর্যন্ত আমরা ২৬টি মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। আমরা ধারণা করছি, এতে বহু লোক হতাহত হয়েছে। পুলিশ জানায়, বন্দুকধারীরা বেশ কয়েকটি ভবন টার্গেট করে এ হামলা চালায়। এর মধ্যে রয়েছে ব্যাংক, পুলিশ স্টেশন ও হোটেল। কেনিয়ার পুলিশ প্রধান বলেন, হামলাকারীরা উইতু শহর থেকে একটি ভ্যান গাড়ি ছিনতাই করে এমপেকেতোনি শহরে ঢুকে প্রথমে কয়েকটি হোটেল টার্গেট করে। এরপর তারা উপর্যুপরি গুলি চালাতে থাকে। এ সময় তারা ওই হোটেলগুলোতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা পুলিশ স্টেশনেও হামলা চালায়।