সরকারি প্রতিষ্ঠান সংস্কারে বাধা ট্রেড ইউনিয়ন

আপডেট : ১৬ জুন ২০১৪, ২১:২১
যেখানে ট্রেড ইউনিয়ন আছে সেখানে সংস্কার করা সম্ভব নয়। ট্রেড ইউনিয়নের কারণে বাংলাদেশ বিমানসহ সরকারি প্রতিষ্ঠানের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি বলেন, ট্রেড ইউনিয়নের সঙ্গে জড়িতদের বেশির ভাগ পড়াশুনা নেই, তাই অনেক সময় তাদের দাবি-দাওয়া অযৌক্তিক পর্যায়ে চলে যায়। এতে দেশের ক্ষতি হয় বলে মনে করেন তিনি। সোমবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ১৪টি প্রকল্পের প্রভাব মূল্যায়ন বিষয়ে ছয়দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। পরিকল্পনামন্ত্রী বলেন, সংস্কারের অভাবে বাংলাদেশ বিমান প্রতিবছর লোকসান দিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। একই অবস্থা সোনালী ব্যাংকেরও। ট্রেড ইউনিয়ন শক্তিশালী হওয়ার কারণেই এসব জায়গা সংস্কার সম্ভব হচ্ছে না। তারা এতটা শক্তিশালী যে কল্পনাও করা যায় না। তিনি বলেন, আমাদের দেশে ট্রেড ইউনিয়ন করার জন্য আমেরিকা খবরদারি করে। অথচ তাদের দেশে বেসরকারি প্রতিষ্ঠানে মাত্র ১৭ শতাংশ এবং সরকারি খাতে ৩৫ শতাংশ ট্রেড ইউনিয়ন রয়েছে। প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতির কথা স্বীকার করে পরিকল্পনা মন্ত্রী বলেন, “সত্যিকার অর্থে কিছু প্রকল্প রয়েছে যে গুলো খুব একটা টেকসই হয় না। জনগণ যাতে প্রকল্প থেকে টেকসই সুবিধা পেতে পারে সেদিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান বলেন, বর্তমানে যে শত শত উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হচ্ছে তা থেকে কতটুকু সফলতা পাওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন, আমাদের বাস্তবায়নে সামর্থ্যের বেশি প্রকল্প অনুমোদন দিলে তাতে অপচয়ের আশংকা থাকে। আইএমইডি সচিব সুরাইয়া বেগমের সভাপতিত্বে কর্মশালায় পরিকল্পনা বিভাগের সচিব ভুঁইয়া সফিকুল ইসলাম বক্তব্য রাখেন। সমীক্ষায় ১৪টি প্রকল্পের উদ্দেশ্য ব্যাখ্যা করার পাশাপাশি সুপারিশ করা হয়। এই ১৪টি প্রকল্পের মধ্যে ৫টি প্রকল্প আইএমইডি নিজস্ব জনবল দ্বারা মূল্যায়ন করা হয় বাকি ৯টি প্রকল্প আউট সোর্সিং এর মাধ্যমে পরামর্শক দ্বারা মূল্যায়ন করায়।