‘যে কোন সময় গুম হয়ে যেতে পারি’

আপডেট : ১৬ জুন ২০১৪, ২১:২২
‘আমরা যে কোন সময় গুম হয়ে যেতে পারি। আমাদের বাড়ি ও জমি দখল করতেই আমাদের গুম করা হতে পারে।’ সানিয়া ইসলাম নামে এক নারী সোমবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এই আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, তার পিতা মরহুম শামসুল হক ১৯৯৬ সালে নবাবপুরের ১০১, ১০২ ও ১০৩ নম্বর হোল্ডিংয়ের ৬ দশমিক ৫ কাঠা জমি কেনেন। তখন থেকেই তারা জমির দখলে আছেন। এই জমি জাল দলিলের মাধ্যমে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম তার শাশুড়ি দেলোয়ারার বলে দাবি করছেন। এখন তিনি এটা দখলের চেষ্টা করছেন। তবে এই সাংবাদিক সম্মেলনের পর হাজী সেলিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, কাউকে তিনি হুমকি দেননি। এমনকি ওই জমি তার শাশুড়ির কি-না তাও তিনি জানেন না বলে জানান। সাংবাদিক সম্মেলনে সানিয়া বলেন, তার পিতা ২০১৩ সালের ৩১ অক্টোবর মারা যাওয়ার আগে ওই জমিতে বহুতল ভবন করার জন্য একটি নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। সেই নির্মাণকাজ এখনো চলছে। কিন্তু হাজী সেলিম হঠাত্ করেই তার শাশুড়ি দেলোয়ারা বেগমের নামে জাল দলিল করে ওই জমি ও নির্মাণাধীন ভবন তার বলে দাবি করছেন। সানিয়া অভিযোগ করেন, ১৩ জুন হাজী সেলিম সেখানে স্বশরীরে গিয়ে ভবন নির্মাণ বন্ধ না করলে লাশ ফেলার হুমকি দেন। এ অবস্থায় তার পরিবার ও সম্পদ রক্ষায় তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় মরহুম শামসুল ইসলামের পরিবারের অন্য সদস্যরা ও পুরান ঢাকার শ’ দেড়েক লোক উপস্থিত ছিলেন। এদিকে গ্রিন রোডে নিজ ব্যবসায়িক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে হাজী সেলিম বলেন, ওই জমির মালিকানা তিনি দাবি করেন না। ওই ভবন নির্মাণ বন্ধ করতে কাউকে তিনি হুমকিও দেননি।