প্রথম ম্যাচে খেলেছিলেন ৬৮ মিনিট। পারফরম্যান্সটা মন মত ছিল না। এর সাথে যুক্ত হয়েছে উরুর ইনজুরির কারণে থাকতে পারেননি গত রবিবার দলের অনুশীলনের পুরোটা সময়ে। তাই আজ মেক্সিকোর বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে রাশিয়ান ক্লাব জেনিথ সেইন্ট পিটার্সবার্গের ফরোয়ার্ড হাল্কের খেলাটা মোটামুটি অনিশ্চিতই বলা যায়।
তবে, মেক্সিকোর বিপক্ষে ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদ জানালেন তিনি নিজেই। অনুশীলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনুশীলনে আমি দুটি গোল করেছি। এরপর শরীরটা ঠিক ভাল লাগছিল না। তাই ঝুঁকি না নিয়ে বের হয়ে গিয়েছি। বাম পায়ের উরুর পিছনের দিকটায় ব্যথা করছিল। তবে, সেটা গুরুত্বপূর্ণ কোন সমস্যা নয়। ম্যাচ খেলার জন্য সেটা বড় কোন বাধা হয়ে দাঁড়াবে না বলেই আমার অনুমান।’ আজ ফোর্তালেজায় ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো। খেলার ব্যাপারে আশাবাদী হলেও এখন ঈশ্বরের দিকেই তাকিয়ে আছেন হাল্ক, ‘ঈশ্বর চাইলে আমি আগামী ম্যাচে অবশ্যই খেলবো। আমি সেটা নিয়েই এখন কাজ করছি। আমার সকল চিন্তা-ভাবনাও আগামী ম্যাচকে ঘিরে। আশা করি আমি ফিট হয়ে উঠবো এবং মাঠে ব্রাজিলের হয়ে কিছু একটা করতে পারবো।’
