শক্তিমত্তা, ফুটবল ঐতিহ্য কিংবা তারকাখ্যাতি; যে কোন বিচারেই মেক্সিকোর চাইতে এগিয়ে থাকলেও গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মেক্সিকোর বিরুদ্ধে লড়াইটা মোটেই সহজ ভাবছে না ব্রাজিল। ফোর্তালেজায় বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠেয় ম্যাচটিকে সামনে রেখে ব্রাজিলিয়ান ডিফেন্ডার হেনরিকের কথা সত্যি ধরে নিলে মানতে হবে এমনটাই। এদিকে, শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলায় মেক্সিকো মোটেই স্নায়ুচাপে ভুগছে না বলে দাবি করেছেন দলটির গোলরক্ষক গুইলেরমো ওকহোয়া।
দলে এক ঝাঁক তারকার উপস্থিতি, অভিজ্ঞ কোচ, বিশ্বকাপ ঐতিহ্য আর স্বাগতিক হবার সুবিধা বিবেচনায় বিশ্বকাপের চলতি আসরের হট ফেভারিট মানা হচ্ছে ব্রাজিলকে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্রাজিলিয়ানদের পারফরম্যান্স সমর্থকদের পুরোপুরি মন ভরাতে না পারলেও, ৩-১ গোলের জয় নিয়ে শুভ সূচনা করতে সেটা যথেষ্টই ছিল। তবে ঐ জয়ে যদি আজকের ম্যাচেও ব্রাজিল বুঁদ হয়ে থাকে তাহলে সেটা বড় বিপদই ডেকে আনতে পারে বলে মনে করছেন হেনরিকে।
নকআউট পর্বে স্পেন অথবা নেদারল্যান্ডসের মুখোমুখি হতে পারে ব্রাজিল, এ ধরনের ভবিষ্যত্ চিন্তাকে মাথায় ঠাঁই না দিয়ে তাই সতীর্থদের কেবল আজকের ম্যাচ নিয়ে ভাবতেই পরামর্শ দিয়েছেন তিনি। ইতালিয়ান জায়ান্ট নাপোলির এই খেলোয়াড় বলেন, ‘স্পেন দারুণ একটি দল এবং তাদের সামর্থ্য আছে এখনো দ্বিতীয়পর্ব নিশ্চিত করার। এখন পর্যন্ত চিলি, নেদারল্যান্ডস বা স্পেনের মধ্যে (বি গ্রুপ থেকে) কে যাচ্ছে সেটা নিশ্চিত হয়নি। তাই এ নিয়ে এই মুহূর্তে ভাবাটা হাস্যকর। আমাদের প্রয়োজন মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের দিকে নজর দেয়া। এরপরই আমাদের কেবল পরবর্তী ম্যাচ নিয়ে ভাবার সুযোগ আছে।’
এদিকে ব্রাজিলের মতোই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে মেক্সিকোও। ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করা দলটি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মোকাবিলা করতে মোটেই ভীত নন বলে দাবি করে ওকোহো বলেন, ‘আমরা মোটেই স্নায়ুচাপে ভুগছি না। আসলে এভাবে টুর্নামেন্টের শুরু করতে পেরে আমরা আসলে মানসিকভাবে অনেকটা শান্ত। এখন সময় আরো শক্তিশালী হবার এবং সামনে এগিয়ে যাবার। সুতরাং আমরা নির্ভার হয়েই মাঠে যাবো এবং খেলোয়াড়রা ব্রাজিলের চ্যালেঞ্জটা নিতে পুরোপুরি প্রস্তুত।’
এদিকে, প্রথম ম্যাচে অনেকটা নিষ্ক্রিয় হয়ে থাকা হাল্কের এই ম্যাচে থাকাটা নিশ্চিত নয় এখনও। তবে ফর্ম নয়, সমস্যা তার উরুর চোট। এই কারণে গত রবিবার অনুশীলনও করতে পারেননি তিনি। যদিও, সংবাদ সম্মেলনে চোটটি গুরুতর কিছু নয় বলে দাবি করেছেন এই জেনিথ সেন্ট পিটার্সবার্গ তারকা। হাল্ক খেলতে না পারলে তার জায়গা নিতে পারেন আগের ম্যাচে হাল্কের বদলী হিসাবে নামা বার্নার্ড। সাম্বা ফুট ও সকার ওয়ে অবলম্বনে।
* ব্রাজিল-মেক্সিকো বিশ্বকাপে এর আগে মুখোমুখি হয়েছিল ১৯৫০ সালের আসরে। ওই আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিল মেক্সিকোকে ৪-০ গোলে হারিয়েছিল।
* দল দু’টি সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত বছর কনফেডারেশন্স কাপে। আজকের ভেন্যুতেই অনুষ্ঠিত ওই লড়াইয়ে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছিল স্কোলারির দল।
* ব্রাজিলের মাটিতে এ পর্যন্ত একবারই ব্রাজিলকে হারিয়েছিল মেক্সিকো। ১৯৬৮ সালের ৩১ অক্টোবর অনুষ্ঠিত ওই প্রীতি ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছিল মধ্যআমেরিকার দেশটি।
* কোচ লুইজ ফিলিপ স্কোলারির বিশ্বকাপে এর আগে মেক্সিকোর বিপক্ষে মুখোমুখি হয়েছিলেন। ২০০৬ সালের আসরে তার দল পর্তুগাল মেক্সিকোকে ২-১ গোলে হারিয়েছিল।
* ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫০ ম্যাচ থেকে ৩৩টি গোল করেছেন। সর্বশেষ চার ম্যাচে তার গোল সংখ্যা ছয়টি।
* বিশ্বকাপে গ্রুপপর্বে ব্রাজিল গত ৩৪টি ম্যাচের একটিতে মাত্র হেরেছে। জয় এসেছে ২৭টি ম্যাচে, ড্র হয়েছে ছয়টি।
