লড়াইয়ে ফেরার শেষ সুযোগ আজ

আপডেট : ১৬ জুন ২০১৪, ২১:৫২
সুরেশ রায়না কোনো রাখঢাক না করেই প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন, বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম ভারতীয় দলকে ‘এ’ দল বলায় তারা আহত হয়েছেন। পরে অবশ্য মুশফিক বলেছেন, এমন কোনো কথা তিনি বলেননি; এটা মিডিয়ার অতিরঞ্জন। এমনকি না বলা কথার জন্য দুঃখপ্রকাশও করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ অধিনায়ক মুশফিকের পরবর্তী সময়ের এসব কথায় কাজের কাজ হয়নি। ভারতীয়রা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মাঠে অন্তত জেদটা পরিষ্কার প্রকাশ করেছে। তারই ফলে দ্বিতীয় সারির দল নিয়েও বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানেই জিতেছে তারা। এখন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ, নিজেদের কথার দৃঢ়তা প্রমাণ করা। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে অন্তত ভারতকে হারিয়ে বাংলাদেশের সুযোগ আছে সুরেশ রায়নার দলটিকে আসলেই ‘দ্বিতীয় সারির দল’ বলে প্রমাণ করার। সেই চ্যালেঞ্জ নিয়েই আজ দুপুর ১টা থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পরশু, ১৯ জুন। কাগজে-কলমের শক্তির বিচারে সুরেশ রায়নার নেতৃত্বে আসা ভারতের চেয়ে বাংলাদেশ দলটি এগিয়ে আছেই বলতে হবে। সে অর্থে অভিজ্ঞ কোনো খেলোয়াড় তাদের দলে নেই। কিন্তু ধোনি, কোহলি, রোহিত, অশ্বিনদের অনুপস্থিতিতে দলটির প্রাণ হল আইপিএলে দারুণ পারফরম করে আসা এক ঝাঁক তরুণ ক্রিকেটার। তারাই মূলত বাংলাদেশকে প্রথম ম্যাচে হারানোর পেছনে বড় অবদান রেখেছেন। বাংলাদেশ প্রথম ম্যাচে অন্তত এটা প্রমাণ করতে পেরেছে, তাদের অধিকাংশ খেলোয়াড়ই ফর্মে আছেন। কিন্তু ব্যাটসম্যানরা সেট হয়েও বড় ইনিংস খেলতে না পারায় বড় রান দাঁড় করাতে পারেনি তারা। যেটাকে বাংলাদেশ অধিনায়ক বলছেন, ওই ম্যাচে হারের প্রধান কারণ। আজ বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আসার বেশ সম্ভাবনা আছে। বেশ কিছুদিন ধরেই রানের মধ্যে না থাকা তামিম ইকবালের বদলে আজ একাদশে দেখা যেতে পারে ওপেনার সামসুর রহমান শুভকে। এদিকে দলে ঢুকতে পারেন পেসার তাসকিন আহমেদ বা স্পিনিং অলরাউন্ডার সোহাগ গাজী।