বাংলাদেশের সমর্থক ব্রাজিল-আর্জেন্টিনা!

আপডেট : ১৬ জুন ২০১৪, ২১:৫২
স্পষ্ট দুই ভাগে বিভক্ত দেশ! ইতালি, জার্মানী, পর্তুগাল, ইংল্যান্ড কিংবা নেদারল্যান্ডের টুকটাক সমর্থন থাকলেও ব্রাজিল-আর্জেন্টিনার ধারে-কাছেও নেই এদের কেউ। হাজার হাজার মাইল দূরে অবস্থিত লাতিন আমেরিকান দেশটির জন্য কেন এতো ভালবাসা? কেন এতো উন্মাদনা? কেন মেসি-নেইমারদের গোলে কেঁপে উঠে বাংলাদেশ? কিন্তু এতো আবেগ যাদেরকে ঘিরে সেই দেশের মানুষগুলো কি চেনেন দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটিকে? উত্তরটা হল ‘না’! বাংলাদেশের আকাশে হাজার হাজার আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা উড়ে সেটি জানা নেই এই দুই ফুটবল দেশের সাধারণ মানুষদের। ব্রাজিল এবং আর্জেন্টাইনদের সাথে বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে তাই বেশ খানিকটা অবাক হলেন। সাথে সাথে শুরু হল প্রশ্নের বন্যা — বাংলাদেশ বিশ্বকাপের কখনও বিশ্বকাপ খেলেছিল? এখন বাংলাদেশের কি অবস্থা? ফুটবলে কোথায় লড়াই করে দেশটি? বহুদূরে নিজেদের সমর্থক একটি দেশের প্রতি আগ্রহটা না বুঝেই যেন প্রকাশ করে দিলেন তারা। মুহূর্তের মধ্যে এক নারী দর্শক ল্যাপটপ খুলে দেখে নিলেন বাংলাদেশের বর্তমান ফিফা র্যাংকিং। খোঁজ নিলেন বাংলাদেশের বর্তমান সাফল্যের ব্যাপারে। হাতে থাকা ল্যাপটপ খুলে ফিফার র্যাংকিংয়ের খবরটা মুহূর্তেই বের করে নিলেন মহিলা দর্শক। জানতে চাইলেন বাংলাদেশের সাফল্যের খবর কি? একটা সময় ছিল যখন উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়ার মত দল ছিল বাংলাদেশের প্রতিপক্ষ। কথাটা শুনে তো তাদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লেন সবাই। ইউরোপীয় অনেক ফুটবল দল বিভিন্ন সময় বাংলাদেশের প্রেসিডেন্ট গোল্ডকাপ ফুটবলে খেলেছে, বাংলাদেশের স্ট্রাইকার শেখ মোঃ আসলাম ইউরোপীয়ান ক্লাবের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন, আসলাম জার্মানি ফুটবল লিগে খেলার আমন্ত্রণ পেয়েছিলেন। কথাগুলো শুনে তারা যেন বিশ্বাসই করতে চাইছেন না। প্রশ্ন তুললেন, তাহলে বাংলাদেশে কেন বিশ্বকাপ ফুটবলে খেলছে না ? কেন খেলছে না সেটা বাংলাদেশের মানুষরাই ভালো জানেন। আর জানেন ফুটবলের নীতি নির্ধারকরা। তাই সেই ব্যাখ্যায় না গিয়ে আবারও প্রসঙ্গ ফিরলো বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল উন্মাদনা নিয়ে। পেলের উত্তরসূরী নেইমার, ম্যারাডোনার উত্তরসূরী মেসির ছবি বাংলাদেশের ঘরে পাওয়া যায়। বিশ্বকাপ এলে বাংলাদেশে বড় বড় পতাকা নিয়ে মিছিল হয়। একই পরিবারের সদস্যরা ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের সময় দুই ভাগ হয়ে যায়। এসব কথা তাদের কাছে অন্য রকম মনে হচ্ছে। তাদেরকে শিহরিত করেছে। ব্রাজিলে খেলা দেখতে আসা আর্জেন্টাইন দর্শক লিয়োনার্দো গোমেজ পাল্টা জিজ্ঞাসা করলেন, ‘আমরা বিশ্বকাপে খেলছি। চ্যাম্পিয়নের মঞ্চে আমরা উঠবো। কিন্তু তোমরা কেন এতো উত্তেজিত ? আর ব্রাজিলীয়র প্রশ্ন আমরা তো কখনো বাংলাদেশের নামই শুনিনি। আমাদের সাথে কখনো বাংলাদেশের খেলাও হয়নি। অথচ বাংলাদেশের দর্শক কেন আমাদের নিয়ে এতো মাতামাতি করে ?’ ব্রাজিল জাতীয় দল না হলেও একবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে খেলতে এসেছিল ব্রাজিলে ঘরোয়া লিগের একটা ক্লাব। এটা শুনেই হেসেই খুন ব্রাজিলীয় একজন সমর্থক। বললেন, ‘এটা আবার কিভাবে হয়। এন্ড্রু গোমেজ বললেন, ব্রাজিলের কেউ কখনো বাংলাদেশে যায়নি। তুমি ভুল বলছো। হয়তো অন্য কোনো দল ব্রাজিল নাম দিয়ে খেলেছে।’ মারাকানা স্টেডিয়ামের সামনে মিছিল করতে থাকা আর্জেন্টাইন নারী দর্শক সুজানা বললেন, ‘আমরা আশা করি বাংলাদেশ একদিন আমাদের সাথে খেলবে। আমরাও বাংলাদেশের সমর্থক হয়ে যাবো।’ এমন অপেক্ষা তো বহুকালের!