ক্রয়েশিয়ার বিপক্ষে নেই ইতো

আপডেট : ১৬ জুন ২০১৪, ২১:৫৩
মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে হারের পর দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য ক্রয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা ক্যামেরুনের জন্য এক অর্থে বাঁচা-মরার লড়াই; কিন্তু গুরুত্বপূর্ণ সেই লড়াইয়ে অদম্য সিংহরা সাথে পাচ্ছে না তাদের বর্ষীয়ান ফরোয়ার্ড স্যামুয়ের ইতোকে। ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। চেলসি ফরোয়ার্ড ইতো ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমের শেষ সপ্তাহ থেকে ভুগছেন কনুইয়ের ইনজুরিতে। পুরনো সেই ব্যথা থেকেই খেলা হবে না ইতোর। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ইতো বলেন, ‘ডাক্তাররা নিশ্চিত করে দিয়েছেন। খুব সম্ভব ১৮ জুন, বুধবার ক্রয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা আমার খেলা হচ্ছে না। পুরনো কনুই ইনজুরির ব্যথাটা আবার বেড়ে গিয়েছে।’ এদিকে ক্যামেরুনের কোচ ভোল্কার ফিনকেও ইতোর না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তার জায়গায় মানাউসে দেখা যেতে পারে ভিনসেন্ট আবোউবাকার কিংবা ফ্যাব্রিস ওলিঙ্গা। ক্রয়েশিয়া প্রথম ম্যাচে স্বাগতিক ব্রাজিলের কাছে হেরেছে ৩-১ গোলে।