ফ্রান্স পেল প্রথম গোললাইন প্রযুক্তির গোল

আপডেট : ১৬ জুন ২০১৪, ২১:৫৩
গোলটি হতে পারতো করিম বেনজেমার। কিন্তু দুর্ভাগ্য তার কাছ থেকে গোলটিকে কেড়ে নিলেও গড়ে নতুন নজির। এবারের বিশ্বকাপে বলের গোললাইন অতিক্রম করা নিয়ে যাতে কোন বিতর্ক না দেখা দেয় সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে। জার্মান কোম্পানি গোলকন্ট্রোল সিস্টেম ব্রাজিলে রেফারিদের এ প্রযুক্তির সহায়তা দিচ্ছে। ২০১২ সালে এ প্রযুক্তি ব্যবহারের বিষয়টি অনুমোদিত হয় ফিফায়। ঘটনার সূত্রপাত হন্ডুরাসের বিরুদ্ধে ফ্রান্সের ৩-০ ব্যবধানের জয়ে পাওয়া দ্বিতীয় গোলটিতে। ৪৮ মিনিটে পাওয়া গোলটির সিদ্ধান্ত নিতে গোললাইন প্রযুক্তির দ্বারস্থ হতে হয় ব্রাজিলীয়ান রেফারি সান্দ্রো রিচ্চি’র। বেনজেমার শট দূরের পোস্টে লেগে মাটিতে পড়ে হন্ডুরাস গোলরক্ষক নোয়েল ভালদারেসের গায়ে লেগে গোললাইন অতিক্রম করে। কিন্তু ভালদারেস এটিকে ভেতর থেকে টেনে বাইরে নিয়ে আসেন। পরে অবশ্য ক্যামেরায় দেখে এটিকে ভালদারেসের আত্মঘাতী গোল হিসাবেই দেখানো হয়। মূলত গেল বিশ্বকাপে জার্মানির কাছে ইংল্যান্ডের ৪-১ গোলের হারে ফ্র্যাংক ল্যাম্পার্ডের একটি গোল বাতিল হয়ে যাওয়ার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে গোললাইন প্রযুক্তি প্রচলনের দাবি ওঠে। এখন ব্যাপারটা বাস্তবে রূপায়িত হলো।