জার্মানির বিরুদ্ধে গতকাল রাতে অনুষ্ঠিত পর্তুগালের খেলার ফল যাই হোক কিংবা বিশ্বকাপে নিজেদের প্রথম খেলাটিতে ক্রিশ্চিয়ানো রোনালদো যত ভালই করুন না কেন, তারপরও পর্তুগীজটির সাফল্যের পথে আছে বড় একটি বাধা। সেটি হলো ব্যালন ডি’অর জয়ী অবস্থায় আজ পর্যন্ত যারা বিশ্বকাপে খেলতে গেছেন তাদের কারোরই ফুটবলের রাজসূয়া আসরটির ট্রফি জিততে পারেননি। ফুটবলের কুসংস্কার অনুযায়ী এটাকে বলা হয়ে থাকে ব্যালন ডি’অরের অভিশাপ।
এই অভিশাপে লিওনেল মেসি, রোনালদিনহো, মার্কো ফন বাস্তেন ও আলফ্রেডো ডি স্টেফানোর মতো কিংবদন্তি ফুটবলাররা ব্যালন ডি’অরের অধিকারী হিসেবে ফুটবল বিশ্বকাপ জিততে পারেননি। মেসি ২০০৯ সালে ব্যালন ডি’অর জয়ের পরের বছর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন। সেখানে পাঁচটি খেলায় অংশ নিয়ে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার আগে কোন গোলের দেখাই পাননি। ব্রাজিলের রোনালদিনহো ২০০৫ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন। এর পরের বছর জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিল দলের হয়ে পাঁচটি খেলায় অংশ নিলেও কোন গোলের দেখা পাননি। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে ফুটবল দুনিয়ায়। এখন দেখার পালা রোনালদোর ভাগ্যে কি ঘটে।
