মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি ঘাটে অজ্ঞান পার্টির শিকার হওয়া এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির স্বজনদের খোঁজ মেলেনি আজও। গত ছয়দিন ধরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন এই অজ্ঞাতনামা ব্যক্তি। তার চেতনা ফিরে আসেনি।
গত সোমবার ভোররাতে শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। ছয়দিন ধরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। এখনও ওই রোগীর জ্ঞান ফিরে আসেনি। এছাড়া ওই রোগীর কোন স্বজনেরও সন্ধান করতে পারেনি পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, গত সোমবার রাতে মাওয়া থেকে আসা কিশোরী ফেরি থেকে ওই ফেরির লোকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে (৪৫) কাওড়াকান্দি ঘাট এলাকায় নামিয়ে রেখে আবার মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ভোররাতে ফেরিঘাটের পল্টুন থেকে শিবচর থানার এস আই আমির হোসেন অচেতন অবস্থায় অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
