সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাসা থেকে অংক করে না আনায় গত বুধবার ৪৮ শিক্ষার্থীকে ব্লেড দিয়ে নিজেদের হাত-পা কাটতে বাধ্য করার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা দীপা দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার বিকালে বরখাস্তের পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
গত শুক্রবার ঐ বিদ্যালয়ে যান সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মৃধা। তিনি ঘটনা তদন্তে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তার দেয়া প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
