বিভিন্ন স্থানে ছয়জন খুন

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:২৪
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। নবীনগরে চাচার হাতে ভাতিজা খুন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল সোমবার ভোরে আরমান হোসেন (১৩) নামে এক ছাত্র চাচার হাতে খুন হয়েছে। উপজেলার পৌর এলকার আলমনগর পশ্চিমপাড়ার মুদি ব্যবসায়ী আমির হোসেন ও তার পুত্র আরমান হোসেন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে ঘরে ঢুকে আরমান হোসেনকে হাত-পা বেঁধে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং আমির হোসেনকে একই কায়দায় মারধর করে মৃত ভেবে বাড়ির পাশে বাঁশ ঝাড়ের নিচে ফেলে যায়। পরে আমিরকে নবীনগর হাসপাতাল ও পরে কুমিল¬া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমিরের স্ত্রী জোহরা বেগম বলেন, সম্পত্তির জন্যই আমার নিজের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের চাচা আজিজুল হক ও সুহেল নামে দু’জনকে আটক করা হয়েছে। বাঞ্ছারামপুরে সংঘর্ষে একজন নিহত ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে গত রবিবার রাতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে মো. সোলেমান মিয়া নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন- সোলেমান মিয়া, নাসির উদ্দিন, ফরিদ মিয়া, আবুল কালাম, নাসির উদ্দিন। উপজেলা সোনারামপুর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন জালু মাস্টার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহিন মিয়ার মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় দুলারামপুর গ্রামের উত্তরপাড়া ইরি জমির মাঠে দু’গ্রুপের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দে জানান, মামলার প্রক্রিয়া চলছে। কোটালীপাড়ায় ভাইয়ের হাতে ভাই খুন গোপালগঞ্জের কোটালীপাড়া উপ-জেলায় গতকাল সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। উপজেলার ছোট দক্ষিণপাড় গ্রামের মৃত ধলামিয়া মীরের ছেলে শাহু মীরের (৫০) সাথে চাচাতো ভাই হাকিম মীরের (৬০) বাড়ির জায়গা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাকিম মীর শাহু মীরকে থাপ্পর মারলে গুরুতর আহত হয়। আহত শাহু মীরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক তোতা মিয়া বলেন, আমরা হাকিম মীরকে গ্রেফতার করেছি এবং শাহু মীরের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আত্রাইয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্যু নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে ও লাঠির আঘাতে আহত রেহেনা বেগম (৪৫) নামে এক নারী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে গতকাল সোমবার দুপুরে মারা গেছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খান জানান, নজরুল ইসলামের সাথে প্রতিবেশী আকরাম হোসেনের সাথে একটি জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ওই জমি নিয়ে দু’পক্ষের একাধিক মামলাও রয়েছে। গত শনিবার রাতে আকরাম হোসেন ওই সম্পত্তি থেকে আম পেরে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে রেহেনা বেগম ও আকরাম হোসেনের বাকবিতণ্ডার একপর্যায় আকরাম হোসেনের হাতে থাকা হাঁসুয়া ও লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করলে রেহেনা বেগম মাটিতে পড়ে যান। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুরুঙ্গামারীতে শিশুকে গলা কেটে হত্যা কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাজারের সাদ্দাম মোড় এলাকায় গত রবিবার সন্ধ্যায় রওনক (৪) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় শিশুর মাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় শিশুর পিতা রোকনুজ্জামান বাদী হয়ে মামাতো ভাই ইতেসাত নঈম বর্ষণ ও মামা সজীবকে আসামি করে হত্যা মামলা করেছে। ভুরুঙ্গামারী থানার ওসি হাসান ইনাম জানান, পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কেরানীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় গত রবিবার গভীর রাতে বন্যা বেগম (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় পুলিশ স্বামী মো. সেলিম হোসেনকে আটক করেছে। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক রবি চরণ চৌহান জানান, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর ঝগড়া হতো। ঘটনার রাতেও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী সেলিম হোসেনের সাথে স্ত্রী বন্যার ঝগড়া হয়। এক পর্যায়ে সেলিম হোসেন স্ত্রী বন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে নিহত বন্যা বেগমের বাবা শহীদুর রহমান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছে ।