মিরসরাইয়ে পল্লী বিদ্যুত্ অফিসে হামলা :আহত ৪

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:২৫
চট্টগ্রাম পল্লী বিদ্যুত্ সমিতি-৩ মিরসরাই জোনাল অফিস, মিঠাছড়া সাব-স্টেশন অফিস এবং বারইয়ারহাট এরিয়া অফিসে ভাংচুর এবং লাইন ম্যানের উপর হামলা চালিয়েছে আর্জেন্টিনার সমর্থক এবং স্থানীয় জনতা। এসময় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। জানা গেছে, সোমবার ভোরে ব্রাজিল বিশ্বকাপের আর্জেন্টিনা এবং বসনিয়ার মধ্যকার গ্রুপ পর্বের খেলা ছিলা। খেলার প্রথমার্ধে বিদ্যুত্ থাকলেও লোডশিডিং থাকার কারণে শেষার্ধে বিদ্যুত্ ছিলা না। ফলে ক্ষোভে ফুঁসে উঠে আর্জেন্টিনার স্থানীয় সমর্থকরা। এসময় ভোর রাতে আর্জেন্টিনার অজ্ঞাত সমর্থকরা ৪ থেকে ৫টি মোটর সাইকেল যোগে মিঠাছড়া সাব-স্টেশন কেন্দ্র ঘেরাও করে বিদ্যুতের দাবিতে হামলা ও ভাংচুর চালায়। হামলায় সাব-স্টেশনের লাইন ম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ (৩২), মিজানুর রহমান (৩৬), সাব-স্টেশনের ভবনের মালিক দিদারুল আলম মাস্টার (৩৮) এবং তার স্ত্রী আহত হন। এছাড়াও সকালে আর্জেন্টিনা সমর্থক এবং স্থানীয় জনগণ মিরসরাই জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভের এক পর্যায়ে তাদের ছোঁড়া ইট-পাটকেলে বিদ্যুত্ অফিসের দুইটি মিটার ভেঙ্গে যায়। একই সময়ে বারইয়ারহাট এরিয়া অফিসেও বিক্ষোভ করে সমর্থকরা। এছাড়াও বিদ্যুত্ অফিসে শুধু ব্রাজিলের পতাকা উড়তে দেখে তারা বিদ্যুত্ অফিসের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।