দিনাজপুরে একই পরিবারের তিনজনসহ নিহত ১১

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:২৫
দিনাজপুরে একই পরিবারে সড়ক দুর্ঘটনায় তিনজনসহ পৃথক দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। দিনাজপুরে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দিনাজপুর সদর উপজেলার রামডুবি এলাকায় গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মোক্তার হোসেন (৬০) ও স্ত্রী জাহানারা বেগম (৫০) ও রেজাউল করিম (৪২)। বিক্ষুব্ধরা দুর্ঘটনার পর দেড় ঘন্টা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে আসার পথে একটি নৈশ কোচের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রেজাউল নিহত হন। গুরুতর আহত জাহানারা বেগম ও মোক্তার হোসেনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯ টায় স্বামী-স্ত্রী মারা যান। কোতয়ালী থানার ওসি (তদন্ত) হিপজুল আলম মুন্সি জানান, এ ব্যাপারে কোন মামলা করা হয়নি। লালপুরে আনসার সদস্য নিহত নাটোরের লালপুর উপজেলার বেড়িলাবাড়ী এলাকায় গত রবিবার রাতে পিকআপ ভ্যানের চাপায় আব্দুস সামাদ (৫০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। তিনি লালপুর থানা পুলিশের সাথে লালপুর-বাঘা সড়কে পেট্রোল ডিউটিতে ছিলেন। লালপুর-বাঘা সড়কের বেরিলাবাড়ি পুলিশ ছাউনির নিকট রাস্তা পার হওয়ার সময় বাঘা থেকে ঢাকাগামী আমবাহী একটি পিকআপ ভ্যান আব্দুস সামাদকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঠাকুরগাঁও ১৩ ব্যাটালিয়ান আনসার ইউনিট সদস্য আব্দুস সামাদ ২০১৩ সালের ১ মে লালপুর থানায় যোগদান করেন। এ ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে লালপুর থানায় মামলা করেছেন। লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও বড়াইগ্রাম সার্কেল মাহফুজ্জামান আশরাফ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঠাকুরগাঁওয়ে ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কিশমত সিংপাড়া গ্রামে গত রবিবার রাতে সাপের কামড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে শিশু শাকিলা (৮) ও সাকিব (৫)। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘুমের ঘরে এই শিশু দুটিকে বিষধর সাপ কামড় দেয়। শাকিলা ঘুম থেকে ওঠে চিত্কার করে। এ সময় তার বাবা-মা দেখে শাকিলা ও সাকিবের শরীর ঠাণ্ডা এবং তাদের মুখ থেকে লালা পড়ছে। তাত্ক্ষণিকভাবে তাদের রাণীশংকৈল থানা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শাকিলাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মঠবাড়িয়ায় স্কুল ছাত্র নিহত পিরোজপুরের মঠবাড়িয়ায় মাহেন্দ্রের চাপায় গতকাল সোমবার দুপুরে সুমন (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার ঝাটিবুনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র ও চরকগাছিয়া গ্রামের সৌদি প্রবাসী আ. হালিম গাজীর পুত্র। সে ১ম সাময়িক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সাপলেজা ঝাটিবুনিয়া সড়কে ইট বোঝাই একটি মাহেন্দ্র সুমনকে ধাক্কা দেয়। স্থানীয়রা সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। মঠবাড়িয়া থানার ওসি মো. নাসিরউদ্দিন মল্লিক জানান, মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমতলীতে শিশু নিহত আমতলী-পটুয়াখালী সড়কের উর্সিতলা এলাকায় গত রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় জুই নামে দেড় বছরের এক শিশু মারা গেছে। হলদিয়ার কাঠালিয়া গ্রামের আব্দুল জলিলের স্ত্রী তার শিশু কন্যাকে নিয়ে সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় জুই মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পোরশায় বাসযাত্রী নিহত নওগাঁর পোরশা উপজেলার কাজীর মোড় এলাকায় গতকাল সোমবার দুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আব্দুল খালেক (৩৬) নামে এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন বাস চালক মুকুল হোসেন, এনামুল হক, উপেন্দ্র নাথ, রতন কুমার ও মকছেদ আলী। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হোসেনপুরে শিশু নিহত কিশোরগঞ্জের হোসেনপুরে গত রবিবার সন্ধ্যায় ট্রলি চাপায় মেহেদী হাসান শুভ (৭) নামে এক শিশু মারা গেছে। মতলবে স্কুল ছাত্রীর মৃত্যু চাঁদপুরের মতলবের নায়েরগাঁও এলাকায় গতকাল সোমবার দুপুরে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে নাসরিন আক্তার (১০) নামে এক স্কুল ছাত্রী মারা গেছে। সে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় বাস চাপায় ঘটনাস্থলেই মারা যায়।