ঈশ্বরগঞ্জে বিদ্যুত্ অফিসে বিক্ষুব্ধ জনতার হামলা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লাগাতার বিদ্যুত্ বিভ্রাটের প্রতিবাদে উপজেলার বিক্ষুব্ধ জনতা গত রবিবার রাত একটার দিকে আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ গত এক মাস ধরে লাগামহীন বিদ্যুতের লোডশেডিংয়ে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যবসা বাণিজ্যের অচলাবস্থার সৃষ্টি হয়। ফলে বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়।
নলছিটিতে নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা
নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির নলছিটিতে গতকাল সোমবার উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঐ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ঝালকাঠির উপ-পরিচালক উপ-সচিব মো. ইসমাইল হোসেন। ইউএনও আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ডালিয়া নাসরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনীন প্রমুখ।
নাঙ্গলকোটে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট উপজেলায় নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরিফের সভাপতিত্বে কর্মশালায় আলোচনা করেন বিভাগীয় প্যাসিলেটর মোহাম্মদ আনোয়ার পাশা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান্দ আরা বানু, উপজেলা ভাইস চেয়ারম্যান কুলছুম আক্তার, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা প্রমুখ।
গলাচিপায় নারীর প্রতি সহিংসতারোধ বিষয়ে কর্মশালা
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ গলাচিপায় গতকাল সোমবার নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘এ্যাডভান্সমেন্ট এন্ড প্রমোটিং ওমেন্স রাইটস’ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব আলম। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.মাহাবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মলয় দত্ত, অধ্যাপক হারুনর রশিদ, সাংবাদিক সোহাগ রহমান প্রমুখ।
রাণীশংকৈলে ভূমি অধিকার বিষয়ক সভা
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের সিডিএ মিলনায়তনে গতকাল সোমবার ভূমিহীনদের ভূমি অধিকার বিষয়ে সুশীল সমাজ ও সাংবাদিকদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিডিএ’র সহযোগিতায় ও থানা সমন্বয় কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন ও সাংবাদিক মোবারক আলী। স্বাগত বক্তব্য রাখেন থানা সমন্বয় কমিটির সম্পাদক নূর নাহার বেগম, রাউতনগর সমিতির সভাপতি নান্নু মিয়া, নেকমরদ সমিতির সভাপতি আবু তাহের, হরিমোহন চন্দ্র রায়, আরডিআরএস কর্মকর্তা লিটন চন্দ্র বর্মন, শিক্ষক সাদেকুল ইসলাম, আদিবাসি নেতা মজাই পাহান, সিডিএ কর্মকর্তা বিশ্বজিত্ সরকার প্রমুখ।
গাজীপুরে শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সংবাদ সম্মেলন
গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল সোমবার গাজীপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা কারিগরি শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ প্রকৌশলী হরিপদ চন্দ্র পাল। বক্তব্য রাখেন সদস্য সচিব একেএম মোকসেদুর রহামান, উদযাপন কমিটির সদস্য মোঃ মোজাহেদ আলী, প্রিন্সিপাল হুমায়ুন কবীর প্রমুখ। সংবাদ সম্মেলনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যন্ত্রপাতি প্রদান, শিক্ষকদের সময়মতো বেতন-ভাতা প্রদান ও মানসম্মত শিক্ষাদানে শিক্ষকদের প্রশিক্ষণসহ সরকারি সহযোগিতার দাবি জানানো হয়।
আদমদীঘিতে ফেনসিডিল উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে গত রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ২শ’ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারসহ নিজামউদ্দীন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে এসআই দুলাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দুলাল হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করেন।
মোরেলগঞ্জে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদ
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরবাজার ব্যবসায়ী নাসির হাওলাদারের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে গত রবিবার রাত ৮টায় প্রতিবাদ সমাবেশ করেছে বাজার ব্যবসায়ী সমিতি। হামলাকারীদের বিচারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ব্যবসায়ী সমিতি। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি কৃষ্ণ কান্ত পাল, আলি আজিম মাতুব্বর, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এইচ এম আছলাম হোসেন, কোষাধ্যক্ষ আব্বাসউদ্দিন প্রমুখ। সভায় বক্তরা অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বরগুনায় মহিলা পরিষদের মতবিনিময়
বরগুনা (দক্ষিণ প্রতিনিধি) \ বাংলাদেশ মহিলা পরিষদ বরগুনা জেলা শাখার উদ্যোগে গত রবিবার সন্ধ্যায় এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। মহিলা পরিষদ বরগুনা জেলা শাখার সভানেত্রী নাজমা বেগমের সভাপতিত্বে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা ছাড়াও মহিলা পরিষদের নেত্রীরা উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয় আলোচনায় অংশ নেন সাংবাদিক আঃ আলিম হিমু, মোঃ হাসানুর রহমান ঝন্টু, সোহেল হাফিজ, এম জসিমউদ্দিন, হারুন অর রশিদ রিংকু, আবুজাফর সালেহ, নারী নেত্রী লুত্ফুন নেছা বকুল প্রমুখ।
শিবালয়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলার উথলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গতকাল সোমবার ‘বাল্যবিবাহ ও অপরিকল্পিত গর্ভধারণ প্রতিরোধে পরিবারের ভূমিকাই প্রধান’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় এ বিদ্যালয়ের তার্কিকরা নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, আয়োজক সংস্থা এনজিও সিডা প্রতিনিধি শহিদুর রহমান, বিজন সরকার প্রমুখ বিচারক ছিলেন।
দিনাজপুরে ক্ষতিগ্রস্ত পরিবারে টাকা ও চাল প্রদান
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫৪ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। গতকাল সোমবার মনোরঞ্জনশীল গোপাল এমপি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই অনুদান তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রোকনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সরাইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। জানা যায়, সকাল প্রায় ৭টার দিকে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সোহেল মিয়া বাজারের জসিমের চায়ের দোকানে বসে এলাকাবাসীদের সাথে চা পান করছিলেন। সে সময় ১৫/২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহেল মেম্বারের ছোট ভাই শাহবাজপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি কাইয়ুম জানান, দেড় মাস পূর্বে সুলমান মিয়ার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করে একদল সন্ত্রাসী। এ ঘটনায় আমার ভাই সাক্ষী হয়েছিল। এর জের ধরেই সন্ত্রাসীরা এ হামলা চালায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
শিবালয়ে তেওতা ইউপির বাজেট ঘোষণা
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলার ১নং তেওতা ইউনিয়নের উন্মুক্ত আলোচনা ও বাজেট গতকাল সোমবার ঘোষণা করা হয়। এনজিও ফোরাম ও সিডা আয়োজিত বাজেট অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদল সভাপতিত্ব করেন। এতে আব্দুল মজিদ মেম্বার, এনজিও প্রতিনিধি বিজন সরকার, রবিউল করিম, কুতুব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সালথায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সালথা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কাজী দেলোয়ার হোসেনকে (৫০) গতকাল সোমবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামের বাসিন্দা। সালথা থানার এসআই আবুল হোসেন জানান, কাজী দেলোয়ারকে একটি অস্ত্র মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
ঝিনাইদহে ফরমালিনযুক্ত লিচু, জাম ও মাল্টা ধ্বংস
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহে ফরমালিন যুক্ত ফল বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার জুলকার নায়নের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত শহরের পোস্ট অফিস মোড়ে প্রথম দিন অভিযান চালিয়ে সাড়ে মন চার লিচু ধ্বংস করে। এছাড়াও আধা মণ জাম ও আধা মণ মাল্টা ধ্বংস করা হয়। নির্বাহী অফিসার জানান, পরীক্ষায় লিচু, জাম ও মাল্টাতে সাড়ে ১৩ থেকে সাড়ে ১৬ মাত্রা পর্যন্ত ফরমালিন পাওয়া যায়। ফরমালিন যুক্ত ফল বিক্রির জন্য ৩টি মামলা করা হয় এবং ৬শ টাকা জরিমানা করা হয়েছে।
ডিমলায় শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) শফিউর রহমান। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, কৃষি কর্মকর্তা আফতাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সুলতান মাহাবুব, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার প্রমুখ।
স্বরূপকাঠিতে অবৈধ কারেন্ট জাল উদ্ধার
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল সোমবার দুপুরে স্বরূপকাঠি উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৩ লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা মত্স্য বিভাগ। ভারপ্রাপ্ত উপজেলা মত্স্য কর্মকর্তা মো. আব্দুল গাফফার ও থানা পুলিশের এএসআই মো. এনামুল হকের নেতৃত্বে একদল পুলিশ সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার অবৈধ বাধা ও কারেন্ট জাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। পরে জালসমূহ পুড়িয়ে ফেলা হয়।
সাপাহারে মত্স্য সংরক্ষণ কর্মশালা
নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর সাপাহারে মত্স্য সংরক্ষণে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার। উপজেলা মত্স্য অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা। এছাড়াও উপজেলা মত্স্য অধিদপ্তরের সহকারী নূরুননবী প্রমুখ উপস্থিত ছিলেন।
আদিতমারীতে আউশ ধান চাষে প্রশিক্ষণ
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় আউশ ধানের চারার যত্ন, আগাছা দমন, সেচ ব্যবস্থাপনা ও প্রাকৃতিক উপায়ে পোকা দমন বিষয়ক একদিনের কৃষক প্রশিক্ষণ গতকাল সোমবার উপজেলার ব্র্যাক শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি ব্লকের ৫৪ জন ও মদনপুর ব্লকের ৪২ জন কৃষক অংশগ্রহণ করেন। এসব কৃষকের আওতায় ৫৬ একর জমিতে আউশ ধানের চাষাবাদ করা হয়েছে। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফকরুল আজম ও বীরেন্দ্রনাথ রায়। এসময় প্রেসক্লাবের সম্পাদক সুলতান হোসেন, উপজেলা ব্যবস্থাপক মামুন অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আড়াইহাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলা সদরের এস এম মাযহারুল হক অডিটরিয়ামে ২দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা গতকাল সোমবার শুরু হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্ধোধন করেন। এ সময় আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়া,এডিসি শিক্ষা ও আইসিটি নুরুন আখতার, উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শরিফুল হক, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।
বারহাট্টায় নারীর অধিকার বাস্তবায়নে মানববন্ধন
বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা \ বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্টা কেন্দ্রের উদ্যোগে নারীর অধিকার বাস্তবায়ন রাষ্ট্রীয় উদ্যোগের কার্যকর প্রয়োগ নির্মিতকরণের দাবিতে গতকাল সোমবার সকালে বারহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক, বারহাট্টা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ্ মোঃ আব্দুর কাদের মাইজভান্ডারী, বারহাট্টা কমিউনিটি ফোরামের সভাপতি আব্দুস শহীদ খান সেজু ও তৃণমূল নারী নেত্রী আছিয়া আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট অফিসার মাজহারুল ইসলাম, কমিউনিটি অফিসার সাজেদুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার কল্পনা ঘোষ, কমিউনিটি অর্গানাইজার কামরুন নাহার প্রমুখ।
সাতক্ষীরা পৌরসভার বাজেট পেশ
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা পৌরসভার ৪৫ কোটি ৭২ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে। গতকাল সোমবার পৌরসভা মিলনায়তনে ১৪৪তম এ বাজেট উত্থাপন করেন পৌর মেয়র আলহাজ্ব এমএ জলিল। এসময় নির্বাহী প্রকৌশলী নাজমুল করিমসহ সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বাজেট উত্থাপনের আগে পৌর মেয়র এমএ জলিল তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পৌরসভার জনগণের চাহিদার নিরিখে বাজেটটি অধিকতর সুসংহত,সমন্বিত ও বাস্তববাদী হয়েছে। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ১৯ কোটি ৮৪ লাখ টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি টাকা। অপরদিকে স্বাস্থ্য, পয়ঃপ্রণালী, পানি সরবরাহসহ রাজস্ব ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা।
বামনা উপজেলা পরিষদের বাজেট ঘোষণা
বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার বামনায় গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে বামনা উপজেলা পরিষদের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন জোমাদ্দার, বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, বামনা সদর ইউপি চেয়ারম্যান এনায়েত কবির হাওলাদার, যুব উন্নয়ন কর্মকর্তা সমির চন্দ্র শীল প্রমুুখ।
বাউফলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব সানেশ্বর সাহাভানু বালিকা দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুর রাজ্জাক ও সহকারী সুপার রুহুল আমিনের বিরুদ্ধে প্রায় সোয়া ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। পটুয়াখালী দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক আব্দুল আউয়াল বাদী হয়ে গতকাল সোমবার বাউফল থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুর রাজ্জাক ও সহকারী সুপার মাওলানা রুহুল আমিন ভুয়া শিক্ষকের নামে সরকারি তহবিল থেকে প্রায় সোয়া ২ লাখ টাকা বেতন-ভাতা উত্তোলন করে তা আত্মসাত্ করেন।
গৌরীপুর উপজেলা চেয়ারম্যান জামিনে মুক্ত
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের দায়ের করা মামলায় আটক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ ময়মনসিংহের বিজ্ঞ জেলা জজ আদালত এ জামিনাদেশ দিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, বিগত সরকার বিরোধী অন্দোলনে পুলিশের দায়ের করা মামলায় আটক উপজেলার বোকাইনগর ইপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ এবং ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গৌরীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ আলী আকবর আনিছ দুই মাস তিন দিন কারাভোগের পর গত ২০ মে জামিনে মুক্তি পেয়ে ময়মনসিংহ কারাগার থেকে গাড়ী বহর নিয়ে গৌরীপুর নিয়ে আসার পথে উপজেলার তাঁতকুড়া নামক স্থানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে আটক করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থল থেকেই তাকে দ্রুত কোতয়ালী থানায় নিয়ে যায়।
কালীগঞ্জে ইউএনওর বিদায় সংবর্ধনা
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদারের বিদায় উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে গতকাল সোমবার পরিষদ সভাকক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পীর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মোঃ কামরুল আহসান তালুকদার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ভূইয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী শেখ মোহাম্মদ আলীসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
বসুরহাট পৌরসভার বাজেট ঘোষণা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা \ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ২০১৪-১৫অর্থ বছরের বাজেট গতকাল সোমবার বিকেল ৪টায় পৌর সভার মেয়র কার্যালয়ে ঘোষণা করা হয়েছে। করিমুল হক সাথীর পরিচালনায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সভার নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার, প্যানেল মেয়র নুর নবী সুবজ, কাউন্সিলর আবুল খায়ের, কাউন্সিলর কমল, কাউন্সিলর মোঃ ফারুক হোসেন সহ জাতীয় দৈনিকের সাংবাদিকবৃন্দ। এ বাজেট পৌরসভার উন্নয়নে ব্যাপক সফলতা আনয়ন করবে মর্মে বক্তারা উল্লেখ করেন।
জগন্নাথপুরে আয়াজ উল্ল্যা প্রাথমিক বৃত্তি বিতরণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা\ সম্প্রতি জগন্নাথপুরে হাজি আয়াজ উল্ল্যা প্রাথমিক মেধাবৃত্তি ট্রাস্টের ৮ম বৃত্তি বিতরণী অনুষ্ঠিত হয়েছে। হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃত্তি বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন ভুইয়া। বিশিষ্ট শিক্ষাবিদ সিদ্দিক আহমদের সভাপতিত্বে ও ইত্তেফাক জগন্নাথপুর প্রতিনিধি আব্দুল হাইয়ের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন, শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাষ্টার, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রিজু, প্রভাষক আব্দুর রউফ, কাজী মাওলানা আব্দুল করিম ফারুকী প্রমুখ।
বারহাট্টায় ভিশন ২০২১ বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা
বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা \ সরকারের দিন বদলের সনদ ভিশন ২০২১ বাস্তবায়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল সোমবার বারহাট্টায় আলোচনা সভা, উদ্বুদ্ধকরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নেত্রকোনা জেলা তথ্য অফিসের আয়োজনে ও বারহাট্টা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইউসুফ আলী। উপজেলা নির্বাহী অফিসার ফরিদ আহমদের সভাপত্বিতে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা তথ্য অফিসার মোঃ মুখলেছুর রহমান, বারহাট্টা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্ মোঃ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ
সুনামগঞ্জ প্রতিনিধি\ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গণিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত: ২০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ গ্রামের হাজী জবান আলীর ছেলে আব্দুল হেকিমের সাথে পার্শ্ববর্তী হরিপুর গ্রামের তম্বাহ আলীর ছেলে হাজী আব্দুর রহমানের দীর্ঘদিন ধরে একটি জলমহালের দখল নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় গণিগঞ্জ বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর গণিগঞ্জ বাজারে কিছু দুবৃর্ত্তরা বিভিন্ন দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাঠ চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে এবং নগদ টাকা সহ মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়ায় বিলুপ্তপ্রায় জীববৈচিত্র্য পুনরুদ্ধারে স্বেচ্ছা সম্মেলন
বগুড়া প্রতিনিধি \ বিলুপ্তপ্রায় জীববৈচিত্র্য পুণরুদ্ধর এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বগুড়ায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছাকর্মীদের সম্মেলন। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের নিয়ে গড়া পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যাণ্ড এনভায়রনমেন্ট রিসার্চ(তীর) এই সম্মেলনের আয়োজন করে। গতকাল সোমবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাসের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী অ্যাণ্ড এনিম্যাল হাজবেণ্ড্রি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ লাইভস্টক সমিতির সভাপতি ড. জালাল উদ্দিন সরকার, সামাজিক বনাঞ্চল বগুড়ার বন সংরক্ষক ড. লস্কর মাকসুদুর রহমান, বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা ড. সুনীল কুমার কুণ্ডু এবং রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোল্লা রেজাউল করিম প্রমুখ।
