হঠাত্ করে ভেরন

আপডেট : ১৭ জুন ২০১৪, ১৯:১৮
রিও ডি জেনিরো; ব্রাজিল গত বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার বিস্ময়কর পছন্দ হিসেবে দলে ঢুকেছিলেন একসময়ের জাদুকরী মিডফিল্ডার হুয়ান সেবাস্টিয়ান ভেরন। সে পর্ব অতীত হয়ে গেছে। এখন তিনি সাবেক হিসেবেই এসেছেন বিশ্বকাপ দেখতে। আর্জেন্টিনা ও বসনিয়া হার্জেগোভিনা ম্যাচের আগেই মিডিয়া সেন্টারে এসেছিলেন ভেরন। ম্যাচের শুরুতে গল্প-গুজব করলেন। ম্যাচশেষে আবারও এসে নিজের উত্তরসূরিদের সমালোচনাই করে গেলেন, ‘আমি আগেই ধারণা করেছিলাম, খেলাটা ভালো হবে না। ম্যাচ জিতেছে ঠিকই কিন্তু আর্জেন্টিনাকে সতর্ক করে দিয়ে গেলো বসনিয়া।’ নিজের ক্যারিয়ার নিয়ে অবশ্য কথা বলতে নারাজ। হালকা ইংরেজি জানেন। আর্জেন্টিনা নিয়ে আলোচনা শুরু করলে সেই ইংরেজিতেই ভেরন বলেন, ‘আমাদের দলটাকে আরো কঠোর হতে হবে। আরো সাবধানী হতে হবে। বসনিয়া সেটাই মনে করিয়ে দিয়েছে। আপনারাই তো দেখলেন। ম্যাচে পিছিয়ে ছিল তারপরও যেন শক্তির কমতি নেই।’ ভেরন ব্রাজিলের ম্যাচের উদাহরণ দিয়ে বললেন, ‘ক্রোয়েশিয়া যেভাবে জ্বলে উঠেছিল। সেটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি। আর বসনিয়া নতুন দল হয়েও এবং গোল হজম করেও যেন দুর্দান্ত ফর্মে খেলছিল।’ ভেরন অন্তত মনে করেন, শুরুটা আরও ভালো হওয়া দরকার ছিল। অবশ্য শুধু নিজের দলের নয়, বেশিরভাগ বড় দলের শুরুটা দেখে খুশি নন এই সাবেক ইংলিশ লিগের তারকা, ‘একটা টুর্নামেন্টের শুরুটা যদি ভালো খেলা যায় তাহলে তার একটা ধারাবাহিকতা থাকে। স্পেন ও উরুগুয়ের মতো দল ধাক্কা খেয়ে মহাচাপের মধ্যে আছে। আমি তো কল্পনাও করতে পারিনি বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের এই করুণ দশা হবে। তাই এখনই বলি আর্জেন্টিনাকে সতর্ক থাকতে হবে। এটা বিশ্বকাপ ফুটবল। চোখকান খোলা না রাখলে সর্বনাশ হতে এক সেকেন্ডও লাগবে না। মেসি থাকলেও বাঁচানো যাবে না।’ যে ভেরনকে টেলিভিশনে দেখে অভ্যস্ত সবাই, চেহারা সেই একই আছে। এখনও সেই মুণ্ডিত মস্তক, হাসিমুখ। কিন্তু পরিচয়টা অনেক বদলে গেছে। স্টুয়াডেন্টেস ক্লাব হচ্ছে ভেরনের ছোট বেলার ক্লাব। এই ক্লাবে খেলে ভেরন ফুটবলের বড় খাতায় নাম লিখিয়েছেন। এখন সেই ক্লাবের পরিচালক তিনি। এমন তারকাকে কাছে পেয়ে অনেকেই জানতে চাইলে, কে চ্যাম্পিয়ন হতে পারে? ভেরন হেসে বললেন, ‘দেখুন বিশ্বকাপ ফুটবল হচ্ছে হাতে গোনা কয়েকটি ম্যাচের লড়াই। এখানে যারা ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে। ভেঙ্গে পড়বে না। তারাই চ্য্যাম্পিয়ন হবে। কোচ সাবেলা বার বার ফরমেশন পরিবর্তন করছেন। কখন কি খেলবেন সেটা আগে থেকে বলা যায় না। তারপরও সাবেলার ফরমেশন কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।’ সেই সঙ্গে নিজের উত্তরসূরি মেসির অসামান্য সম্ভাবনাও দেখছেন ভেরন। অন্তত কোচ মেসিকে সর্বোচ্চ কাজে লাগাতে প্রস্তুত বলেই বললেন তিনি, ‘হ্যাঁ মেসির জন্য এটা হবে দুর্দান্ত সুযোগ। কোচ মেসিকে হিসাব করেই সব অংক কষছেন। মেসির সাথে ডি মারিয়া, হিগুয়েন আছেন। ওরা ভালো সার্ভিস দিতে পারলে ভালো। এখন মেসিকে প্রমাণ করতে হবে সে আসলেই বিশ্ব সেরা খেলোয়াড়।’