সাইফ চন্দনের দ্বিতীয় চলচ্চিত্র

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:৩০
ফেসবুক আর বিভিন্ন নিউজ চ্যানেলে আলোচিত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ পরিচালনা করেছেন বিনোদন সাংবাদিক সাইফ চন্দন। ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু ও আইরিন। ছবির নির্মাণ কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে। খুব শিগগিরিই ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে। ঈদের পর পরই ছবিটি প্রেক্ষাগৃহে আসবে বলে পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন। এরইমধ্যে নতুন আরও একটি ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছেন পরিচালক সাইফ চন্দন। ছবির নাম নির্ধারণ করা হয়েছে ‘আন্ডার কন্সট্রাকসন’। বর্তমানে ছবির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। লিখছেন অয়ন চৌধুরী। পরিচালক সাইফ চন্দন বলেন, ‘আশা করছি আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই ছবির শুটিং শুরু করব। বর্তমানে শিডিউল সেভাবেই গুছিয়ে নিচ্ছি। চলতি সপ্তাহের মাঝেই ছবির সব আর্টিস্ট চূড়ান্ত করে ফেলব।’