খালেদা জিয়া জঙ্গিদের নেত্রী

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:৪৯
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ খালেদা জিয়াকে দেশের ৯৫ ভাগ জঙ্গির নেত্রী হিসেবে আখ্যায়িত করে বলেছেন, দেশের ৯৫ ভাগ মানুষ নয়, ৯৫ ভাগ নৈরাজ্যকারী, অগ্নিসংযোগকারী, জঙ্গিবাদী এবং বোমাবাজ বিএনপি নেত্রী খালেদার সঙ্গে রয়েছেন। আওয়ামী লীগ ও মহাজোটে সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে উল্লেখ করে তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ দেশরত্ন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সানজিদা খানম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা সংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।