আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি যদি সংবিধান মেনে ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা প্রকাশ্যে দেয় তাহলে তাদের সঙ্গে সংলাপের বিষয়টি ভেবে দেখা হবে। তবে স্বাভাবিক অবস্থায় আগামী জাতীয় নির্বাচনের আগে সংলাপের কোনো সুযোগ নেই। আর ওই সময় সংলাপ চাওয়ার আগে বিএনপিকে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ, ষড়যন্ত্র ও নৈরাজ্যের পথ পরিহার এবং সংবিধান অনুযায়ী বর্তমান সরকারকে বৈধতা দিতে হবে।
মঙ্গলবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসিম বলেন, গ্রাম ডাক্তাররা এখনো নিবন্ধনহীন। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। তিন মাসের মাধ্যমে ওই কমিটি কীভাবে, কোন উপায়ে, কী কী যোগ্যতা থাকলে ডাক্তারদের নিবন্ধন দেয়া যায়, সেটা নির্ধারণ করবে। কিন্তু ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আয়োজক সংগঠনের সভাপতি ডা. আবদুস সাত্তারের সভাপতিত্বে মহাসমাবেশে আরো বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ। মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক গ্রাম ডাক্তার যোগ দেন। তাদের মধ্যে সংগঠন দুটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
