জাপানে মাঝারি মাত্রার ভূমিকম্প
জাপানের পূর্বাঞ্চলীয় উপকূলে ফুকুশিমার কাছে সোমবার ভোরে দু’টি মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন,এই ঘটনায় সুনামিতে ক্ষতিগ্রস্ত বিদ্যুত্ কেন্দ্রের ঝুঁকির আশু কোন আশঙ্কা নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল জাপানের বৃহত্তম ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপ হোনশু উপকূল থেকে প্রায় ৯১ কিলোমিটার (৫৬ মাইল) দূরে ২২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। এর দু’ঘন্টা পর দ্বিতীয় ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৫.৬।—এএফপি
ইসরাইলি সৈন্যদের গুলিতে ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরে রামাল¬াহ্ শহরের কাছে জেলাজুন উদ্বাস্তু শিবিরে সোমবার সকালে ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে ইসরাইলি সৈন্যরা গুলি করে হত্যা করেছে। তিন ইসরাইলী যুবক নিখোঁজ হলে তাদের খুঁজে বের করার জন্যে ইসরাইলি সৈন্যরা উদ্বাস্তু শিবিরে অভিযান চালায়। এ সময় ইসরাইলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে আহমাদ আরাফাত বুকে গুলিবিদ্ধ হয়।—এএফপি
নিখোঁজ বিমানের ১শ’ দিন
নিখোঁজ মালয়েশীয় বিমানের ১শ’ দিন পূর্তি পালন করছে বিমানটির হতভাগ্য যাত্রীদের শোকার্ত স্বজনরা। গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহীসহ বেইজিংয়ের পথে রওনা হওয়ার পরপরই হারিয়ে যায় মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান (এমএইচ৩৭০)। এরপর ১শ’ দিন পেরোলেও বিমানটির কোনো খোঁজ মেলেনি। বিমানটির যাত্রীদের বেশির ভাগই ছিল চীনা নাগরিক। তাই প্রিয়জন হারানো চীনের পরিবারগুলো তাদের ফিরে পাওয়ার আশায় প্রার্থনা করছে।—বিডিনিউজ
