ভিন্ন সমস্যায় ক্যামেরুন-ক্রোয়েশিয়া

আপডেট : ১৭ জুন ২০১৪, ২১:৫১
আজ নিজেদের অস্তিত্ব রক্ষার মিশনে নামছে এ’ গ্রুপের দুই প্রতিপক্ষ ক্যামেরুন ও ক্রোয়েশিয়া। বিশ্বকাপের নক আউট পর্বে খেলার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে এই ম্যাচে জয় পেতে হবে উভয় দলেরই। বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায়) মানাউসে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে হয়তো মাঠে নামা হচ্ছে না ক্যামেরুন অধিনায়ক স্যামুয়েল ইতোর। ক্যামেরুনের রেডিও টেলিভিশনকে (সিআরটিভি) দেয়া সাক্ষাত্কারে ইতো বলেন, ‘আমি আশা করছি সৃষ্টিকর্তা আমার জন্য অলৌকিক কিছু করবেন যাতে করে আমি আমার প্রিয় সুন্দর দেশটির হয়ে ভূমিকা রাখতে পারি। যদি তা সম্ভব না হয়, তাহলে অধিনায়ক হিসেবে এবং বড় ভাই হিসেবে আমার তরুণ খেলোয়াড়দের জয়ের জন্য উত্সাহিত করতে হবে। ক্রোয়েশিয়ার সমস্যা ভিন্ন। ব্রাজিলের বিরুদ্ধে হারের পর হোটেলের সুইমিংপুলে বেশ কয়েকজন খেলোয়াড়ের নগ্ন ছবি প্রকাশ করেছে ক্রোয়েশিয়ারই একটি ওয়েবসাইট। দলটির ৩৪ বছর বয়সী বর্ষীয়ান স্ট্রাইকার ইভিচা অলিচ নিজ দেশের সংবাদ মাধ্যমেরই দলীয় প্রস্তুতিতে এ ধরনের বিঘ্ন সৃষ্টির জন্য দায়ী করেছেন। তিনি বলেন, ‘আপনারা এটি সোজাসুজি লিখতে পারেন যে এটি লজ্জাস্কর একটি ব্যাপার। আমরা ক্রোয়েশিয়াকে প্রতিনিধিত্ব করতে এখানে এসেছি। ক্যামেরুনের বিপক্ষে কঠিন একটি ম্যাচে মোকাবেলা করার জন্য আমরা নিজেদের সেরাটা উজার করার প্রস্তুতি নিচ্ছি। আর এ সময় এমন একটি ঘটনা ঘটল?’