বেলজিয়ামের প্রথম একাদশ তো বটেই, রিজার্ভ বেঞ্চের দিকে তাকালেও চমকে উঠতে হয়—কী শক্তি জমিয়ে রেখেছে তারা!
গতকাল এই চমকটা হাতে-নামে দেখালো বেলজিয়াম। আলজেরিয়ার বিপক্ষে যখন এই চমক দলটি পিছিয়ে আছে ০-১ গোলে, তখনই বেঞ্চ থেকে বেরিয়ে এসে দু’ দুটি গোল করে বেলজিয়ামকে বের করে নিয়ে গেলেন ফেলাইনি ও মার্টিনেজ। সারা দুনিয়া এখন মেতে উঠেছে বেলজিয়ামের এই ‘সুপার সাব’ বন্দনায়। ম্যাচ শেষে গোলদাতা ফেলাইনি নিজেই বলছিলেন, বেঞ্চের এই শক্তিই আসলে পার্থক্য গড়ে দিয়েছে, ‘আমার খুব বিশ্বাস ছিল। আমার দলের ওপর এবং নিজের ওপর সবসময়ই বিশ্বাস আছে। আমি জানতাম, আমরা জিতে বের হতে পারবো। কোচ ডাক দিলেই আমি তৈরি ছিলাম। আমাদের দলটা এখানেই বাকিদের চেয়ে অনেক এগিয়ে। আমাদের বেঞ্চও একইরকম শক্তিশালী। ফলে আমাদের হারানোটা খুব সোজা না।’ তবে বেলজিয়ামের কোচ, দলটির সর্বশেষ বিশ্বকাপের তারকা খেলোয়াড় মার্ক উইলমোট বলছিলেন, এই নাটকীয় বদলীর আগেও তারাই শ্রেয়তর ফুটবল খেলছিলেন। তিনি বরং আলজেরিয়ার অতিরক্ষণাত্মক মানসিকতাকে দুষলেন, ‘খেলার গতি এতো কম ছিল! আসলে একটা দল একদম বল-প্লে করতে না চাইলে সেখানে আক্রমণে ঢোকা খুব কঠিন। পরে আমার বদলীরা যে কাজটা করেছে, খেলার গতি বাড়িয়ে দিয়েছে। সেটাই ফল এনে দিয়েছে আমাদের’।
