ভালোবাসার ভিন্ন জুটি

আপডেট : ১৮ জুন ২০১৪, ১৯:৫৮
ভালো মানের নাটক নির্মাণের জন্য মানানসই জুটির বিষয়টা জরুরি। মানানসই জুটি হলে একের সাথে অন্যের অভিনয়টাও অনেক সুন্দর লাগে। প্রায় বছরখানেক বিরতির পর আবারও একটি নাটকে জুটিবদ্ধ হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান ও লাক্সতারকা মেহজাবীন চৌধুরী। আসছে ঈদের জন্য নির্মিত ‘রিটার্ন’ নামের একখণ্ডের নাটকে তারা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। এই দুই তারকার গল্প নিয়ে আমাদের এবারের আয়োজন। লিখেছেন খালেদ আহমেদ তাহসানকে সবাই গানের মানুষ হিসেবেই চেনেন। তবে মাঝে মাঝে মডেলিং ও অভিনয় করেন। আর সেগুলোতে ভালো পারফর্মেন্সের জন্য আলোচনায় আসেন বারবার। অন্যদিকে গতানুগতিক নায়িকা চরিত্রের মাঝে নিজেকে কখনোই বন্দী করতে চাননি লাক্সসুন্দরী মেহজাবীন। তার ভাষ্যে, ‘আমি লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা থেকে এসেছি বলে অনেকে হয়তো ধরে নিয়েছিলেন, অন্য কারো কারো মতো আমিও গতানুগতিক নায়িকা চরিত্রগুলোতে কাজ করব। কিন্তু তা না করে আমি একটু ভিন্ন পথে হেঁটেছি। আমি সবসময় সেই সব চরিত্রে কাজ করেছি, যেখানে আমার অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। আমার মনে হয় আমি কিছুটা হলেও পেরেছি।’ প্রায় বছরখানেক বিরতির পর আবারও একটি নাটকে জুটিবদ্ধ হলেন তাহসান ও মেহজাবীন। মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘রিটার্ন’ নাটকে দর্শকরা তাদের দেখতে পাবেন। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হয়েছে। নাটকটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। আসছে ঈদে এটি চ্যানেল আইতে প্রচার হবে। মোস্তফা কামাল রাজের নির্দেশনায় এবারই প্রথম তাহসান ও মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন। এই নাটকে তাহসান ও মেহজাবীন চৌধুরী শিক্ষক ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। কেমন লাগল কাজটি? জবাবে তাহসান বলেন, ‘রাজ বেশ গুছিয়ে কাজ করেন। ভালো লেগেছে। তাছাড়া মেহজাবীনও এখন অভিনয়ে অনেক ভালো করছেন। নতুন এই নাটকে আমরা চেষ্টা করেছি গল্পটিকে প্রাণবন্ত করে তোলার জন্য। আশাকরি ভালো লাগবে দর্শকের।’ মেহজাবীন চৌধুরী বলেন, ‘শিল্পী তাহসান কিংবা অভিনেতা তাহসানের ভীষণ ভক্ত আমি। তারসাথে একবছর আগে একটি কাজ করেছিলাম। শিল্পী হয়েও তিনি অভিনয়ে এতটা পারদর্শী কীভাবে হলেন মাঝে মাঝে ভেবে অবাক হই।’ তাহসান ও মেহজাবীন গত বছরের ঈদে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘মনের মতো মন’ নাটকে অভিনয় করেছিলেন। এদিকে তাহসান এরইমধ্যে শেষ করেছেন মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ‘সম্পর্কের গল্প’ নাটকের কাজ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন উর্মিলী শ্রাবন্তী কর। মেহজাবীন অতি সম্প্রতি শেষ করেছেন বি ইউ শুভর পরিচালনায় নাটকে তাহসানের যাত্রা শুরু হয় ২০০৪ সালে আফসানা মিমির নির্দেশনায় ‘অফবিট’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। সম্প্রতি তিনি রেদওয়ান রনির নির্দেশনায় ‘মরীচিকা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এদিকে গত মাসে ‘তাহসান অ্যান্ড সুফিজ’-এর নতুন একটি গান ইউটিউবে আপ করেন তাহসান। গানটির শিরোনাম ‘আদর’। লিখেছেন ও সুর করেছেন তাহসান নিজেই। নিজের ফেসবুক এবং ফ্যানপেজে গানটি শেয়ার করেছেন তাহসান। এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘এখন গানে কোনো রকম অর্থপ্রাপ্তি ঘটে না। উল্টো গাঁটের পয়সা দিয়ে অ্যালবাম করে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে দিতে হয়। এ অবস্থায় শ্রোতারা যেন বঞ্চিত না হন, সে বিবেচনায় এখন থেকে একটি করে গান ইউটিউবে দেবো।’