নতুন বিজ্ঞাপনে জয়া

আপডেট : ১৮ জুন ২০১৪, ১৯:৫৮
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে পারফর্ম করলেন। এতে তার সাথে কো-আর্টিস্ট হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা ও নাট্যনির্মাতা মাহফুজ আহমেদ। অবশ্য এর আগে মাহফুজের নির্দেশনায় ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় করেছেন জয়া। পাশাপাশি তারা দুজন জুটিবদ্ধ হয়েও অভিনয় করেছেন অনেক নাটকে। তবে এবারই প্রথম জয়া মাহফুজ আহমেদের নির্দেশনায় বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করলেন। রানার গ্রুপের ‘কাইট’ মোটরসাইকেলের বিজ্ঞাপনে তাদের জুটিবদ্ধ হয়ে কাজ করতে দেখবেন দর্শকরা। সম্প্রতি এয়ারপোর্ট, বসুন্ধরা আবাসিক এলাকায় বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। ছেলেমেয়ে উভয়ের জন্য নতুন বাজারে আসা ‘কাইট’ মোটরসাইকেলের বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘বিজ্ঞাপনের কনসেপ্টটি অনেক ভালো লেগেছে, সেইসাথে বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মাহফুজ ভাই। সবমিলিয়ে ব্যাটে বলে মিলে গেল বিধায় বেশ মনোযোগ দিয়ে কাজটি করছি। আশা করি ভিন্নধর্মী এই বিজ্ঞাপনচিত্রটি সবার ভালো লাগবে।’ নির্দেশক মাহফুজ আহমেদ বলেন, ‘আমার দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘চৈতাপাগল’সহ আরও বেশ কিছু খণ্ড নাটকে জয়া অভিনয় করেছেন। তবে এবারই প্রথম আমার নির্দেশনায় মডেল হিসেবে কাজ করেছেন। অনেক শ্রম দিয়ে মনোযোগ দিয়ে তিনি কাজটি করেছেন। তাছাড়া আমাদের দু’জনেরই চেষ্টা ছিল ভালো একটি বিজ্ঞাপন দর্শকদের উপহার দেওয়া।’