নির্মাতা এহসানুল হক সেলিম। নাটক নির্মাণের ক্ষেত্রে দুইয়ে দু্ইয়ে চার হিসাবটা বেশ ভালোভাবেই মিলিয়ে নেন তিনি। তাই নাটকের লোকেশনের ক্ষেত্রে দেশের চেয়ে দেশের বাইরের লোকেশনকে প্রাধন্য দেন সেলিম। সম্প্রতি মালয়েশিয়াতে ১০০০ পর্বের এক দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দূরত্ব’র শুটিং করে এলেন। ধারাবাহিকটি রচনা করেছেন ফজলুল করিম। মোট ২৬টি দেশে এই ধারাবাহিকটির শুটিং হবে। আগামী মাসে নাটকটি এটিএন বাংলায় প্রচার শুরু হবে। বাইরের লোকেশনকে প্রাধন্য দেওয়া প্রসঙ্গে সেলিম বলেন, ‘দেশে কাজ করলে একসাথে সবার সিডিউল পাওয়া ঝামেলার ব্যাপার। সময়ও বেশি লাগে। বাইরে শুটিং করলে পুরো ইউনিট একসাথে থাকি তাই কাজটা খুব তাড়াতাড়ি করা হয়ে যায়। আর আমি ধারাবাহিকের পাশাপাশি একক নাটকের কাজও শেষ করতে পারি।’ সেলিম আরও জানান তার পরবর্তী ধারাবাহিকটি আমাদের দেশেরই ৫৪টি জেলায় শুটিং করবেন।
সম্প্রতি মালয়েশিয়া শুটিং করতে গিয়ে দুই শিল্পীকে নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয় সেলিমের। ক্ষোভ প্রাকাশ করে সেলিম বলেন, ‘আমাদের ইউনিটের সাথে শুটিংয়ে গিয়ে দুজন শিল্পী অন্য ইউনিটের শুটিং করেন তাও আবার আমাকে না বলে। আমি নাম বলব না। তবে তাদের সাথে আমি আর কাজ করব না।’
ধারাবাহিকের পাশাপাশি সেলিমের এখনকার ব্যস্ততা ঈদের কাজ নিয়ে। সময় স্বল্পতার কারণে এবার খুব বেশি নাটক বানাবেন না এই নির্মাতা। তার মোট তিনটি কাজের মধ্যে থাকবে টেলিফিল্ম ‘বিক্রয়ের জন্য নহে’, একক নাটক ‘সাখাওয়াত ডট কম’ ও ‘অভিনেত্রী’।
