বুনন থিয়েটার গতকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমী পরীক্ষণ থিয়েটার হলে ঘাটু গানের আঙ্গিকে নকশী কাঁথার মাঠ নাটকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। নাট্যকবি জসিমউদদীন রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান। এই প্রদর্শনীর আয়কৃত টাকা দিয়ে পতিতালয়ের ৩৫ জন বঞ্চিত শিশুর জামাকাপড় ও খাতা-কলম ক্রয় করে তাদের হাতে তুলে দেওয়া হবে। নাটকটি নির্দেশনা প্রসঙ্গে আনন জামান বলেন, ‘প্রযোজনাটির অভিনয় নির্মাণের ক্ষেত্রে কাব্যের স্বভাবজাত প্রকাশভঙ্গি তৈরির পাশাপাশি ঐতিহ্যবাহী বাংলা নাটকের স্টাইলাইজ্ড অ্যাক্টিং ও বর্ণনাভঙ্গি এবং ঘাটুগানের চরিত্রাভিনয়রীতি ও সংগীত স্বভাব প্রয়োগের প্রচেষ্টা ছিল। নকশী কাঁথার মাঠ নাটকে রূপাই ও সাজুর পূর্বরাগ তৈরিতে মাঙন গীত ও বৃষ্টির জারির একটি উল্লেখযোগ্য ভূমিকা আছে। সেট হিসেবে চারটি কাঠের প্লাটফর্ম দিয়ে চৌকাণা খোলা মঞ্চের আদল ব্যবহার করেছি। উপরে চারটি হারিকেন ঝুলিয়ে দিয়ে আসরকেন্দ্রিক পরিবেশনার আবহ নির্মাণের অভিপ্রায় ছিল।’ নাটকটিতে অভিনয় করেছেন অমৃতাভ মিহির, শুভনন্দ করিম, তুষার কান্তি দে রাজন, দিদারুল দিপু, শাহ তুষার, আবু ফাহিম, আসিফ খান, মৌসুমী আক্তার অনিতা, আশেকা আক্তার কংকা, বুলবুল আহমেদ, মিলন, ফজলুল হক রানা, উজ্জ্বল, শম্পা রাজবংশী, ইমতিল ইমু, জসিম।
