গ্রামীণফোনের সিম কার্ডের দাম বৃদ্ধি

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:৩৪
মোবাইল ফোনের সিম কার্ডের দাম ও সিম পরিবর্তনের চার্জ বাড়িয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। আগামী অর্থবছরে কর আরোপের প্রস্তাবের কারণে তাদের এই দাম বৃদ্ধি বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অপারেটরটি। এখন থেকে গ্রামীণফোনের সব প্রিপেইড সিমের দাম হবে ২০০ টাকা, যা আগে ছিল ১৮৮ টাকা। এছাড়া সিম কার্ড পরিবর্তনের জন্য গ্রাহকদের আগের নির্ধারিত ৭৫ টাকার পরিবর্তে ১২৫ টাকা দিতে হবে। বুধবার গ্রামীণফোন বলেছে, ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিম পরিবর্তনের ওপর কর নির্ধারণের ফলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যবসায়িক বাস্তবতার কারণে এই দাম বাড়ানো হয়েছে। কারণ সিম পরিবর্তনের ওপর প্রস্তাবিত ১০০ টাকা কর ইতিমধ্যেই বিপুল করভারের ওপর আরো চাপ সৃষ্টি করবে। যদিও বাংলাদেশের মোবাইল শিল্প বিশ্বের নিম্নতম কল রেট প্রদান করছে, কিন্তু মোবাইল অপারেটররা তাদের প্রতি ১০০ টাকা আয়ের ৫৫ টাকাই সরকারের হাতে তুলে দিচ্ছে।’ বিদ্যমান ৩০০ টাকা সিম কর প্রত্যাহার না করে সিম পরিবর্তনের ওপর নতুন কর আরোপ বাংলাদেশে মোবাইল ফোনের প্রসার এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বাধা তৈরি করবে বলে মনে করছে গ্রামীণফোন।