আন্দোলনের শক্তি নেই বিএনপির :আওয়ামী লীগ

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:৩৪
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, আন্দোলন করার শক্তি ও সামর্থ্য বিএনপির নেই। ঈদের পর আন্দোলনের যে হুমকি বিএনপি নেত্রী খালেদা জিয়া দিয়েছেন তা ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়। এ রকম হুমকি বিগত পাঁচ বছরে তাদের কাছ থেকে বহুবার এসেছে। অতীতের যেকোন সময়ের চেয়ে বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল উল্লেখ করে নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে র্যাব-পুলিশ নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরাই যথেষ্ট। বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ যৌথসভার আয়োজন করে। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম প্রমুখ।