স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাসীরা নতুন নতুন কায়দা অবলম্বন করছে। এ অবস্থায় প্রয়োজনীয় গাড়ি ও উন্নত সরঞ্জাম দিয়ে পুলিশকে ঢেলে না সাজালে আমরা পিছিয়ে পড়বো। পুলিশের সদস্য সংখ্যা আরও বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে ১ লাখ ৫৪ হাজার ৯২১ জন পুলিশ সদস্য রয়েছেন। এর অনুপাত দাঁড়ায় প্রতি ১ হাজার ৩৫ জনের বিপরীতে ১জন পুলিশ। আমরা প্রতি ৮শ জনের বিপরীতে একজন পুলিশ রাখতে চাই। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি ৫২৫ এবং পাকিস্তানে প্রতি ৭২৫ জনের বিপরীতে একজন করে পুলিশ রয়েছেন। বুধবার সংসদে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পুলিশের সক্ষমতা বাড়াতে তাদের জন্য এই মুহূর্তে গাড়ি ও উন্নত সরঞ্জাম প্রয়োজন। আমরা পুলিশকে ঢেলে সাজাচ্ছি। এজন্য এবারের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অতিরিক্ত আরও চারশ কোটি টাকা বরাদ্দ দেয়ার জন্য তিনি অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব রাখেন।
