খেলা দেখতে গিয়ে ২১ জনের প্রাণহানি

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:৫৫
নাইজেরিয়ায় বিশ্বকাপ ফুটবল প্রদর্শনের একটি কেন্দ্রে বিস্ফোরণে কমপক্ষে ২১ ব্যক্তি নিহত হয়েছেন। হাসপাতাল সূত্র বুধবার বার্তা সংস্থা এএফপিকে জানায়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলের ডামাতুরু এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সানি আবাচা বিশেষায়িত হাসপাতালের সূত্রটি জানায়, মঙ্গলবার রাতে শহরের নিয়া-নামা এলাকায় সংঘটিত এই বিস্ফোরণের পর তাদের কাছে ২১টি মৃতদেহ এসেছে। এছাড়া সেখান থেকে আরো ২৭ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। বড় পর্দায় ব্রাজিল বনাম মেক্সিকোর ম্যাচ দেখতে জড়ো হওয়া কেন্দ্রের বাইরে একটি অটোরিকশায় বোমাটি লুকানো ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। বোকো হারাম মিলিশিয়ারা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০০৯ সালে দেশটির উত্তরাঞ্চলে ফুটবল দর্শকদের ওপর একই রকম হামলা চালানো হয়েছিল। গণমাধ্যমের কাছে তথ্য জানানোর অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে হাসপাতাল সূত্রটি আরো জানায় যে, এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ও সেনা সদস্যরা। সেখান থেকে আহত ও নিহতদের সরিয়ে নিচ্ছে তারা। সূত্রটি জানায়, ‘মৃতদেহগুলো মর্গে পাঠানো হচ্ছে এবং আহতদের জরুরি বিভাগে চিকিত্সা দেয়া হচ্ছে। হতাহতদের অধিকাংশই বয়সে তরুণ ও শিশু। তাদের দেহ ঝলসে গেছে, দেহের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন ও ভেঙ্গে গেছে।’ এ বিষয়ে কর্তৃপক্ষের তাত্ক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি। -বাসস