‘আমার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে!’

আপডেট : ১৯ জুন ২০১৪, ২০:১৪
‘প্রতিযোগিতায় অংশ নিয়ে লাক্স সুন্দরী হয়েছি। এখন বেশ কয়েকটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। একটি ছবির কাজের জন্য মাকে নিয়ে কলকাতায় গিয়েছি। ঢাকায় এসে শুনলাম আমি নাকি ছবির অডিশন দিতে গিয়েছি। যেহেতু ছবিটি জয়েন্ট ভেঞ্চারের। তাই স্বাভাবিকভাবেই কলকাতার নির্মাতা প্রতিষ্ঠান এসকে মুভিজের সাথে ড্রেস, লোকেশন, গল্প নিয়ে মিটিং করতে হবে। সেই অনুযায়ী আমি শুধু অফিসিয়াল মিটিং করতে গিয়েছি। এমনকি ছবির অ্যাডভান্স টাকাও আমি গ্রহণ করেছি। অথচ আমার নামে আমার দেশেই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’, নিজের খবর নিয়ে বেশ খানিকটা ক্ষোভ প্রকাশ করলেন সময়ের ব্যস্ত শোবিজ-কর্মী বিদ্যা সিনহা মীম। ইদানীং খেলার এই মৌসুমে অবশ্য বিভিন্ন মিডিয়ার জন্য নিজের প্রিয় দল ব্রাজিলের জার্সি পরে ফটোশুট করেছেন বেশ কিছুদিন। কিন্তু এর ফাঁকে নিজের চলচ্চিত্র যাত্রার কাজেও বেশ চালিয়ে যাচ্ছেন। যদিও শোনা যায় বাংলাদেশি চলচ্চিত্রে মীম ৫ লাখ টাকা হাঁকলেও কলকাতার সাথে যৌথ চলচ্চিত্রে পারিশ্রমিকে অনেকটাই কম্প্রোমাইজ করছেন। অন্যদিকে সম্প্রতি রিলিজকৃত ‘তারকাঁটা’ চলচ্চিত্রে প্রায় অর্ধেকেই কাজ করেছেন। তাই সুযোগ আর সময় বুঝেই উঠা-নামা করছে তার এই পারিশ্রমিকের অংক। কিন্তু এর ভেতরে অডিশনের খবরে নিজেই বিভ্রান্তিতে পড়ে গেছেন। ক্যারিয়ারের এই ম্যাচিউরড সময়ে মীমের সাথে কি ‘অডিশন শুট’ যায়! এদিকে এ প্রসঙ্গে তার নির্মাতা অনন্য মামুন বলেন, ‘মীমকে অডিশনে নেওয়া হয়েছে, এর চেয়ে হাস্যকর খবর আর কী হতে পারে। আমরা ছবির শুটিং প্ল্যান করতেই কলকাতায় গিয়েছিলাম। তাই এ ধরনের বিভ্রান্তির কোনো মানে নেই।’ বিদ্যা সিনহা মীম : ব্রাজিলের প্রতি সমর্থন জানাতেই নিজের ফেসবুকে এই বেশে ছবি পোস্ট করেন