তালায় প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ

আপডেট : ১৯ জুন ২০১৪, ২১:০১
সাতক্ষীরা তালায় প্রতীক ট্রাস্ট নামের এক এনজিও’র বিরুদ্ধে কাজের বিনিময়ে টাকা প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। আর্থিক সুবিধা দিতে না পারায় অনেক দরিদ্র পরিবারের ঠাঁই হয়নি এ প্রকল্পের তালিকায়। আর্থিক সুবিধা দিতে পারায় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে অনেকে। এক পরিবারের তিনজনের নামও তালিকায় রাখা হয়েছে। এছাড়া আর্থিক সুবিধা দিতে চেয়ে প্রথমে কাজ শুরু করেছিল অনেকে। তবে সুবিধা দিতে না পারায় প্রকল্পের তালিকা থেকে তাদেরকে বাদ দেয়া হয়েছে। এসব অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে প্রকল্পভুক্ত গ্রামে সংস্থার কর্মকর্তারা আয়োজন করেছে খাওয়া-দাওয়ার। উক্ত অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তাসহ স্থানীয় প্রভাবশালীরা অংশ নেয়। চলমান এ প্রকল্পে সরেজমিন অনুসন্ধানে এমন দুর্নীতি-অনিয়মের চিত্র বেরিয়ে এসেছে। তবে কাজের ভয়ে অনেক শ্রমিক দুর্নীতি-অনিয়ম নিয়ে কথা বললেও নাম প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেন। প্রকল্পটি ইউকেএইড (বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে)-এর অর্থায়নে বেসরকারি সংস্থা প্রতীক ট্রাস্ট তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া ও কলাপোতা গ্রামে বাস্তবায়ন করছে। তবে প্রকল্প শুরু থেকে সংস্থার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ তুলেছিল গ্রামবাসী। পরে তারা অভিযোগ দেয় সংশ্লিষ্ট দপ্তরে। জলাবদ্ধ এলাকায় হতদরিদ্র এবং বিপদাপন্ন মানুষদের খাদ্য নিরাপত্তা সহায়তা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এতে ১৩২ জন শ্রমিক কাজ করছে। এসব শ্রমিকরা (জনপ্রতি) ১৭৫ টাকা করে মজুরী পাবেন। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, একই পরিবাবের তিন জনকেও এই প্রকল্পের তালিকায় রাখা হয়েছে। অনেকে কাজ না করে হাজিরা দিয়ে টাকা নিচ্ছে। এ ব্যাপারে প্রতীক ট্রাস্টের পরিচালক শহীদুল্লাহ ওসমানী প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতি ও টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন।