চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত ১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত পাঙ্গাস মাছের পোনা ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা মানা হচ্ছে না। নদীতে পাঙ্গাস পোনা ধরা ও স্থানীয় আড়ত ও বাজারগুলোতে তা বিক্রি হচ্ছে অবাধে। উপজেলার মেঘনা নদীর বিভিন্ন অঞ্চলে অবাধে পাঙ্গাস মাছ ধরার পরে তা ষাটনল বাবুর বাজার, ছটাকি, এখলাছপুর, আমিরাবাদ, কানুদী মত্স্য আড়তসহ স্থানীয় বিভিন্ন হাট-বাজারে বিক্রি হচ্ছে। কয়েকজন মত্স্য আড়তদারের সাথে কথা হলে তারা জানায়, ‘ভাই আমরা জেলেদের কাছ থাইকা পয়সা দিয়া কিনা বিভিন্ন বাজারের পাইকারদের কাছে বেইচা দেই, এর বেশি আমরা কিছু জানি না’।সরেজমিনে উপজেলার সর্ববৃহত্ মাছের আড়ত ষাটনলের বাবুবাজার মত্স্য আড়তসহ কয়েকটি আড়ত ও ছেংগারচর বাজার, কালিপুর বাজার, সুজাতপুর বাজার, আনন্দ বাজার, এখলাছপুর বাজারসহ বিভিন্ন বাজারেই এই পাঙ্গাস পোনা বিক্রির দৃশ্য দেখা যাচ্ছে। এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে জানা যায়, পাঙ্গাস পোনা ধরার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে জেলেরা তেমন কিছু জানে না। এ ব্যাপারে উপজেলা মত্স্য কর্মকর্তা জহিরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমরা অভিযান পরিচালনা করছি এবং দোষীদের আইনের আওতায় আনছি।
