ছাত্রী সংস্থার ২৪ কর্মী জেলে

আপডেট : ১৯ জুন ২০১৪, ২১:১৬
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার ইসলামী ছাত্রীসংস্থার ২৪ কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত বুধবার রাত পৌনে ৯টার দিকে খিলগাঁও থানাধীন ৩১৬/৪, এ-বি দক্ষিণ গোড়ানের স্কাইভিউ ভিনজেট নামক বাড়ির দ্বিতীয় তলার এ -১ নম্বর ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক শেখ মো. কামরুজ্জামান তাদের আদালতে হাজির করে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড চান। আবেদনে বলা হয়, আসামিরা নবগঠিত নারী জামায়াত-শিবিরের উগ্রপন্থি নাশকতা গ্রুপের সক্রিয় সদস্য। তারা ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে নুতন আঙ্গিকে নারী সদস্যদের দ্বারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সঙ্গোপনে একত্রিত হয়ে পরিকল্পনা করার সময় গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনাস্থলে পৌছে তাদের বাসার দরজার বাইরে থেকে পরিচয় দিয়ে বাসা তল্লাশি করতে চাইলে তারা বোমা মেরে ফ্ল্যাটসহ বাড়ি উড়িয়ে দেয়ার হুমকি দেয়। তারা আত্মঘাতী দলের সদস্য বলে একে অন্যকে বোমা মার বলে আতঙ্ক সৃষ্টি করে। এসময় আসামিদের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন শুনানি করেন তাদের আইনজীবীরা। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হক আসামিদের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করেন। তবে আগামী চার দিনের মধ্যে কারাফটকে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।