বস্তিবাসীর সেবায় ‘সখি’ প্রকল্প

আপডেট : ১৯ জুন ২০১৪, ২১:১৭
শুরু হলো বস্তিতে বসবাসরত নাগরিকের স্বাস্থ্য, অধিকার ও ইচ্ছেপূরণ বিষয়ক প্রকল্প ‘সখি’। রাজধানীর ১৫টি বস্তিতে পাঁচ বছর মেয়াদে নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প কাজ করবে। বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে এই প্রকল্পের উদ্বোধন হয়। নেদারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় বেসরকারি সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), মেরী স্টোপস, আমরাই পারি, উইমেনস হেলথ কোয়ালিশন (বিডব্লিউএইচসি) যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করবে। রাজধানীর মহাখালী, মোহম্মদপুর ও মিরপুরের বস্তিতে নারীদের অধিকার নিশ্চিত করতে বিশেষ করে পোশাক কারখানায় নিয়োজিত নারীকর্মী ও নারী গৃহকর্মী এবং তাদের পরিবারগুলো সরাসরি এই প্রকল্পের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবে। অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক উল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, নেদারল্যান্ড দূতাবাসের ড. ক্যারেল রিচটার। নারীর অধিকার নিয়ে আলোচনা করেন, ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট ফেরদৌসি বেগম, মোহাম্মদী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রুবানা হক। জিনাত আরা হকের পরিচালনায় প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন, কেয়ার বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জ্যামি ত্যার্জি, নেডারল্যান্ডের দূতাবাসের ফাস্ট সেক্রেটারি ইলা দে ভগদ, সাংবাদিক ফারজানা রুপা। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মেরী স্টোপস এর কান্ট্রি ম্যানেজমেন্ট কনসালটেন্ট অনীল পি তাম্বে, প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন, সখি প্রকল্প পরিচালক কল্পনা রানী।