মুলারেই দৃষ্টি মুলারের!

আপডেট : ১৯ জুন ২০১৪, ২২:০২
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি থমাস মুলার ভাঙ্গতে পারবেন বলে মনে করে জার্মান কিংবদন্তি জার্ড মুলার। সোমবার পর্তুগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই হ্যাট্রিক করেন ২৪ বছর বয়সী থমাস মুলার। বিশ্বকাপে মুলারের গোল এখন আটটি। তত্কালীন পশ্চিম জার্মানির হয়ে ৬২টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ৬৮ গোল করা ৬৮ বছর বয়সী মুলার যার খেতাবি নাম ‘দাস বম্বার’ ১৯৭৪ সালে বিশ্বকাপ শিরোপা পাইয়ে দেয়ার পর ফুটবল থেকে অবসর গ্রহণ করেন। বিশ্বকাপে তার গড়া ১৪ গোলের রেকর্ডটি ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ভেঙ্গে দেন ব্রাজিলীয় তারকা স্ট্রাইকার রোনালদো। ১৫ গোল করে নতুন রেকর্ডের মালিক বনে যান ব্রাজিলের এই ফুটবল তারকা। সিনিয়র মুলার বুধবার স্পোর্ট বিল্ডকে বলেন, ‘আমি নিশ্চিত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভঙ্গ করবেন থমাস মুলার। কারণ চলতি আসরেই কমপক্ষে দুটি ম্যাচ এখনো হাতে রয়েছে তার। ভবিষ্যতে তিনি আরো অন্তত দুটি বিশ্বকাপে অংশ নিতে পারবেন।’